২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ফিরছেন রদ্রি, টানা নবম জয়ের লক্ষ্যে নামছে সিটি

হ্যামস্ট্রিংয়ের চোটে গত প্রায় তিন মাসে স্রেফ ১ মিনিট খেলতে পেরেছেন ব্যালন দ’র জয়ী তারকা।

অবশেষে ফিরছেন রদ্রি, টানা নবম জয়ের লক্ষ্যে নামছে সিটি
মাঠে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে রদ্রির। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

নতুন বছরের প্রথম ম্যাচে রদ্রিকে পাচ্ছে ম্যানচেস্টার সিটি। ব্যালন দ’র জয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি। পায়ের চোটের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে থাকা উইঙ্গার জেরেমি ডোকুও এই ম্যাচে ফিরতে পারেন, আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন গুয়ার্দিওলা।

“রদ্রি ফিরেছে। হয়তো কয়েক মিনিট খেলতে পারে সে। আমাদের তাকে ভীষণ প্রয়োজন। ডোকু, হয়তো (খেলতে পারে)।”

জন স্টোন্স ও অস্কার বব এখনও মাঠে ফেরার জন্য যথেষ্ট ফিট নন বলে জানান সিটি কোচ।

গত মৌসুমে এসিএলের চোটে ২৩৬ দিন বাইরে থাকার পর, মাঠে ফিরলেও পরে কয়েক দফায় চোট পেয়েছেন রদ্রি। হ্যামস্ট্রিংয়ের চোটে গত প্রায় তিন মাসে স্রেফ ১ মিনিট খেলতে পেরেছেন তিনি। গত ৫ অক্টোবর প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এই চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা।  

২ নভেম্বরে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি, শেষ দিকে বদলি নেমে খেলেন ১ মিনিট। তারপর আবার ছিটকে পড়েন। গত শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময় পর স্কোয়াডে ফিরলেও, দলের ২-১ গোলে জয়ের ম্যাচে পুরো সময় বেঞ্চে বসে থাকতে হয় তাকে। অবশেষে ফুরাচ্ছে তার মাঠে ফেরার অপেক্ষা।

এই মাসের শুরুতে প্রথম দেখায় ঘরের মাঠে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল সিটি। তবে প্রতিপক্ষের মাঠে লড়াইটা কঠিন হবে বলে মনে করেন গুয়ার্দিওলা। 

“তারা শক্তিশালী। আমার মনে আছে, আমার প্রথম মৌসুমে (সান্ডারল্যান্ডের মাঠে) তাদের সমর্থকরা ছিল অবিশ্বাস্য। তারা নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে। আর্সেনাল, অ্যাস্টন ভিলা সেখানে জিততে পারেনি। তারা শক্তিশালী, তবে একই সঙ্গে আমরাও প্রস্তুত।”

১৮ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। 

সিটির সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে আট বছর পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ড।