২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ কারণেই বলি, গণমাধ্যম ফুটবল সম্পর্কে প্রায় কিছুই জানে না’, ফেভারিট প্রশ্নে এনরিকের রসিকতা

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়াই উপভোগের চেষ্টা করতে চাওয়ার কথাও বলেছেন পিএসজি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 12:04 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

‘ফেভারিট’ কে? এই প্রশ্নের মুখোমুখি অধিকাংশ সংবাদ সম্মেলনে হতে হয় কোচদের। কেউ সরাসরি, কেউ একটু ঘুরিয়ে উত্তর দেন। কেউবা এড়িয়ে যান। কিন্তু লুইস এনরিকে হাঁটলেন ভিন্ন পথে! উত্তর দিতে গিয়ে গণমাধ্যমের ফুটবল জ্ঞান নিয়ে রসিকতা করে ছাড়লেন পিএসজি কোচ।

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচটি ডর্টমুন্ডের মাঠে গড়াবে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায়।

প্রতিপক্ষের মাঠে খেলতে এসে ফেভারিট নিয়ে প্রশ্নের উত্তরে এনরিকে বললেন, নিজেদের মাঠে ও গ্যালারিভর্তি সমর্থকদের সামনে খেলাটা সুবিধার এবং সেটা প্রথম লেগে পাবে ডর্টমুন্ড।

পিএসজি আছে অবশ্য বেশ ছন্দে। তবে ফেভারিট ইস্যুতে এনরিকে মজার ছলে দিলেন উত্তর।

“(পিএসজিকে কিছুটা ফেভারিট বলতেই এনরিকের হাসি) তাই নাকি? এ কারণেই বলি, গণমাধ্যম ফুটবলের প্রায় কিছুই জানে না। দীর্ঘদিন ধরে এটাই আমার অভিমত।”

“এখানে আসতে পারার সৌন্দর্য্য হচ্ছে, খুবই বিশেষ একটা ম্যাচ উপভোগ করার সুযোগ আমাদের; যে মাঠে খেলা, আমি বলব, এটা ইউরোপের অন্যন্য একটি এবং আমাদের সামনে ফাইনালে কোয়ালিফাই করে সমর্থকদের আনন্দ দেওয়ার সুযোগ আছে। আমরা উপভোগের চেষ্টা করব।”

মৌসুমে এরই মধ্যে ফরাসি সুপার কাপ ও লিগ আঁ শিরোপা জিতে নিয়েছে পিএসজি। তাদের সামনে সুযোগ আছে ফরাসি কাপের ট্রফি জয়েরও।