ছুটি বাতিল করে ইউরোয় কানের গোল
স্ত্রীর জন্মদিন উপলক্ষে স্পেনে ছুটি কাটানোর কথা ছিল এমরে কানের, কিন্তু ইউরো শুরুর দুই দিন আগে হুট করে দলে ডাক পেয়ে যান এই জার্মান মিডফিল্ডার।
এই মুহূর্তে এমরে কানের থাকার কথা ছিল স্পেনে। স্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশটিতে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার। তবে হুট করেই শেষ মুহূর্তে জার্মানির ইউরো দলে ডাক পেয়ে যান তিনি। এতে বাতিল করতে হয় ছুটির পরিকল্পনা। আচমকা দলে এসে প্রথম ম্যাচে একটি গোলও করলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।
এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে গত শুক্রবার স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক জার্মানি। দলের শেষ গোলটি করেন ম্যাচের দুই দিন আগে দলে ডাক পাওয়া কান।
৩০ বছর বয়সী এই ফুটবলার রোববার সংবাদ সম্মেলনে জানালেন, কোচ ইউলিয়ান নাগেলসমানের ডাক পেয়ে ছুটি বাতিল করতে হয় তার।
“আমার স্ত্রী এখানে এসে আমার জন্য খুব খুশি। শনিবার তার জন্মদিন ছিল এবং আমরা স্পেনে থাকতাম। বুধবার কোচের সঙ্গে আমার প্রথম যোগাযোগ হয়। তার প্রথম ফোন কল আমি ধরতে পারিনি, তারপর তিনি আমাকে বার্তা পাঠান।"
সদ্য শেষ হওয়া ক্লাব মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে অবদান রাখেন কান। তবু শুরুতে জার্মানির ইউরো দলে জায়গা মেলেনি তার। তরুণ মিডফিল্ডার আলেকসান্দার পাভলোভিচ টনসিলের সমস্যায় ছিটকে গেলে তার বদলি হিসেবে গত বুধবার দলে যোগ করা হয় কানকে।
শুরুতে দলে ডাক না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচে ২ গোল করা কান।
“ইউলিয়ান শুরুতে যখন আমাকে দলে ডাকেনি, তখন আমি হতাশ হয়েছিলাম এবং তাকে সেটা বলেছিলাম। আমি এই দলের সঙ্গে বেশি দিন নেই। তাই সত্যি বলতে, আশা করিনি যে শুক্রবার আমি খেলব। আমি সবসময় দলকে সাহায্য করব, সেটা বেঞ্চে থেকে হোক কিংবা মাঠে থেকে।”
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার জার্মানি খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে, যারা প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে।
