২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিদেশি কোচ পেল চেকিয়া

স্পেনের অলিম্পিক জয়ী কোচের হাত ধরে বিশ্বকাপের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর আশায় আছে দলটি।

প্রথম বিদেশি কোচ পেল চেকিয়া
স্প‍্যানিশ কোচ সান্তি দেনিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 09:23 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

ব্যর্থ বিশ্বকাপ অভিযানের পর নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে চেকিয়া। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সান্তি দেনিয়া।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার স্পেন যুব দলের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে দুই বছরের, সেটা আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

মিরোস্লাভ কুবেকের কোচিংয়ে সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে সময়টা খুব বাজে কেটেছে চেকিয়ার। তিন ম্যাচের দুটিতে হেরে ও একটি ড্র করে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় তারা।

এরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান ৭৪ বছর বয়সী কুবেক। তার স্থলাভিষিক্ত হলেন ৫২ বছর বয়সী দেনিয়া। 

দেনিয়ার কোচিংয়েই ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসে ফুটবলে সোনার পদক জয় করে স্পেন।

চেকিয়ার দায়িত্বে তার প্রথম চ্যালেঞ্জ হবে সেপ্টেম্বরে উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচ; আগামী ২৬ সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং তিন দিন পর ইংল্যান্ডের বিপক্ষে। 

এই প্রতিযোগিতায় এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষেও খেলবে চেকিয়া। সেই ম্যাচে সাবেক সহকর্মী লুইস দে লা ফুয়েন্তের মুখোমুখি হবেন দেনিয়া।

স্বদেশের ও সাবেক সহকর্মীর বিপক্ষে লড়াই নিয়ে এখন থেকেই যেন রোমাঞ্চ অনুভব করছেন দেনিয়া।

“আমি স্পেনে জন্মেছি এবং দেশটির ফেডারেশনের জন্য ১৫ বছর কাজ করেছি, তবে এখন সবকিছু ভিন্ন- আমি স্পেনের বিপক্ষে জিততে চাই।”