২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৮ ইউরো শুরু কার্ডিফে, ফাইনাল ওয়েম্বলিতে

দুটি সেমি-ফাইনাল ও একটি কোয়ার্টার-ফাইনালও হবে ওয়েম্বলিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 01:11 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচটি হবে ৯ জুন কার্ডিফে। ফাইনাল ম্যাচটি হবে ঠিক এক মাস পর। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ৯ জুলাই ট্রফি উঁচিয়ে ধরবে ইউরোপের নতুন চ্যাম্পিয়নরা।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলির তারিখ ও ভেন্যু বুধবার ঘোষণা করেছে উয়েফা। ইউরোপের শ্রেষ্ঠত্বের অষ্টাদশ আসরটি যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড।

২৪ দলের আসরে ম্যাচ হবে মোট ৫১টি। খেলা হবে আটটি শহরে-লন্ডন, কার্ডিফ, ডাবলিন, বার্মিংহাম, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল। 

ফাইনাল ছাড়াও দুটি সেমি-ফাইনালও হবে ওয়েম্বলিতে। প্রায় ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে হবে একটি কোয়ার্টার-ফাইনালও। শেষ আটের অন্য তিনটি ম্যাচ হবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফে।

শেষ ষোলোর কোনো ম্যাচ ওয়েম্বলিতে হবে না। অন্য ভেন্যুগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে ম্যাচগুলি। স্বাগতিক দেশগুলোর যারা টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে, তারা গ্রুপের ম্যাচগুলি নিজ দেশেই খেলবে।

ম্যাচগুলি শুরুর তিনটি ভিন্ন সময়ও চূড়ান্ত করেছে উয়েফা। বাংলাদেশ সময় রাত ৮টা, রাত ১১টা ও রাত ২টায় শুরু হবে খেলা।

২০২৬ সালের ৬ ডিসেম্বর ইউরোর বাছাইয়ের ড্র হবে বেলফাস্টে।

গত ইউরোর রানার্স আপ দল ইংল্যান্ড। স্কটল্যান্ড বাদ পড়ে গিয়েছিল গ্রুপ পর্ব থেকে। ওয়েলস ও আয়ারল্যান্ড বাদ পড়ে যায় বাছাইয়ে। 

উয়েফা জানিয়েছে, আগামী ইউরো ঘিরে ২০২৮ থেকে ২০৩১ পর্যন্ত সময়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের আর্থ-সামাজিক প্রক্রিয়ায় সাড়ে ৩ বিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের সুবিধা যোগ হবে বলে স্বাধীন মূল্যায়নে উঠে এসেছে। এসবের মধ্যে আছে চাকরির সুযোগ সৃষ্টি, আঞ্চলিক সমৃদ্ধি, আন্তর্জাতিক পর্যটকদের খরচসহ নানা খাত।