২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামাল-তারিকদের মধ্যে জায়গা পাওয়ার লড়াই দেখে খুশি কাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ভারত ম্যাচের দল চূড়ান্ত করতে গিয়ে অম্ল-মধুর সমস্যায় ভুগছেন হাভিয়ের কাবরেরা।

জামাল-তারিকদের মধ্যে জায়গা পাওয়ার লড়াই দেখে খুশি কাবরেরা
ভারত ম্যাচ সামনে রেখে মঙ্গলবার চতুর্থ দিনের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 08:57 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

চোটের কারণে দলের বাইরে থাকা বিশ্বনাথ ঘোষ এলেন প্রস্তুতি দেখতে। সতীর্থদের আলিঙ্গনে বাঁধলেন, কিছুটা সময় কাটালেন বরাবরের মতোই খুনসুটি করে। নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের অনুপস্থিতি অনুভব করছেন হাভিয়ের কাবরেরা। তবে, ক্যাম্পে যারা আছে, তাদের মধ্যে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার লড়াইও উপভোগ করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।

এই অম্ল-মধুর পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে কাবরেরা কণ্ঠে ঘুরেফিরে এলো ‘কঠিন’, ‘খুবই কঠিন’ শব্দগুলো। ভ্রু কুঁচকে হাসতে হাসতে বললেন, ৩০ জনের প্রাথমিক দল থেকে সাত জনকে বাদ দিয়ে ভারত ম্যাচের দল গড়া তার জন্য এবার সহজ কাজ হবে না মোটেও।

চূড়ান্ত দলে কয়েকজনের জায়গা পাওয়া মোটামুটি নিশ্চিত। শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজা চৌধুরী, সেরি ডিতে খেলা ফাহামেদুল ইসলাম, মিতুল মারমা, রাকিব হোসেন, তপু বর্মন, কাজী তারিক রায়হান অনেকটা ‘অটো চয়েস’, কিন্তু বাকিরাও প্রস্তুতিতে আলো ছড়াচ্ছেন। চূড়ান্ত দলে থাকার দাবি তুলছেন জোরালভাবে।

“আমি যতদিন এখানে আছি, এই সময়ের মধ্যে এটাই দল নির্বাচনের সবচেয়ে কঠিন সময়। আমাকে এদের মধ্যে থেকেই সাত জন খেলোয়াড়কে বাদ দিতে হবে চূড়ান্ত দল দেওয়ার জন্য। যেটা কঠিন।”

“কেননা, মাঠে সবাই সেরাটা নিংড়ে দিচ্ছে। ভীষণ মনোযোগী। প্রতিদিন যে কাজ আমরা করছি, সেখানে প্রত্যেকে আরও বেশি বেশি জানতে চাইছে, শিখতে চাইছে, সবাই দলের অংশ হতে চায়। তাই কেবল সেরা একাদশ নয়, চূড়ান্ত দল গঠন করাই আমার জন্য কঠিন হবে। তবে এটা নিয়ে আমি খুবই খুশি।”

দলে জায়গা পাওয়ার শর্তগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফিটনেস। এ দিকটি নিয়ে কাজ করছেন স্প্যানিশ ট্রেনার পেয়ো হোসেফ আকাইন ভিয়া। কাবরেরা জানালেন, ট্রেনারের কাছ থেকে সব খেলোয়াড়রই পাচ্ছে ইতিবাচক ‘সার্টিফিকেট।’

“সে খুবই উঁচু মানের ফিটনেস ট্রেনার। সে খেলোয়াড়দের ফিটনেস লেভেল নিয়ে, খেলোয়াড়দের যে মানসিকতা নিয়ে ভীষণ খুশি। আমরাও ইতিবাচক।”

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬শ মিটার উচ্চতায় শিলং। এ দিকটিও ভাবনায় আছে কাবরেরার। তবে সৌদি আরবের প্রস্তুতি এ জন্য বেশ কাজে আসবে বলে মনে করেন এই স্প্যানিশ কোচ।

“আমরা জানি, শিলংয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮শ মিটার (১৫শ ২৫ মিটার) উচ্চতায় আমাদের খেলতে হবে। এ কারণে আমরা মনে হয়, সৌদি আরবে আমাদের অনুশীলন করা ভালো হবে।”

অভিজ্ঞ বিশ্বনাথের শূন্যতা পূরণ নিয়ে ভাবতে হচ্ছে কাবরেরাকেও। তবে ক্যাম্পে থাকাদের অনেকের জন্য তা সুযোগও মানছেন বাংলাদেশ কোচ।

“এটা ঠিক যে, বিশ্বনাথ কেবল লাইন-আপ খেলোয়াড়ই নয়, মাঠে যে প্রাণশক্তি নিয়ে সে খেলে, সেটা ইতিবাচক দলের জন্য। অবশ্যই তাকে আমরা মিস করব। তবে নতুন যারা আছে, তারাও অনুপ্রাণিত। তাদের জন্যও এটা সুযোগ। তাজ (উদ্দিন) আছে, সুশান্ত ত্রিপুরা ফিরেছে, সাদ (উদ্দিন) খেলতে পারে, আমাদের হাতে অনেক বিকল্প আছে। বিশ্বনাথকে মিস করব, কিন্তু যারা আছে, তারাও এই জায়গাটা পূরণ করতে পারবে।”