২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার রুদ্ধদার অনুশীলনে ‘ড্রোনের চক্কর’

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে এই ঘটনা দূর্ভাগ্যজনক, বললেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।

দক্ষিণ কোরিয়ার রুদ্ধদার অনুশীলনে ‘ড্রোনের চক্কর’
অনুশীলনে দক্ষিণ কোরিয়া দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 06:31 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

মেক্সিকো ম্যাচের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তখন চলছে। কৌশলগত ছক ঠিকঠাক গুছিয়ে নিতে, নিজেদের মধ্যে ম্যাচের ছক সাজিয়েছেন দক্ষিণ কোরিয়া কোচ। এরই মধ্যে আকাশে দেখা গেল, ড্রোনের চক্কর। মেক্সিকো পুলিশ যদিও ড্রোনটি পাকড়াও করেছে, তবে, রুদ্ধদার অনুশীলনে ড্রোনের উপস্থিতি মেনে নিতে পারছেন না দক্ষিণ কোরিয়া কোচ জং মিউং-বো।

উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘এ’ গ্রুপে শুভসূচনা পাওয়া দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়াদালাহারাতে মুখোমুখি হওয়ার অপেক্ষায়। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোর বিপক্ষে এ ম্যাচের প্রস্তুতিও ‘ক্লোজড ডোর’-এ করছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু আচানক এক ড্রোন এসে বাধায় বিপত্তি। দেশটির নিরাপত্তা বাহিনী রয়টার্সকে জানিয়েছে, অনিবন্ধিত ড্রোনটি আটক করেছে তারা।

ওই ঘটনা অনুশীলনে খুব একটা প্রভাব ফেলেনি উল্লেখ করলেও, দক্ষিণ কোরিয়া কোচ বিষয়টি ভালোভাবেও নেননি।

“এটা আমাদের অনুশীলনে বড় কোনো প্রভাব ফেলেনি, কিন্তু যখন আমরা ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলাম, যেটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তখন এটা ঘটা ছিল দূর্ভাগ্যজনক।”

দুই দলের পয়েন্ট সমান ৩ করে হওয়ায়, এই ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপ সেরা হওয়ার লড়াই। দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হতে হবে দুইরকম প্রতিপক্ষের। মাঠে মেক্সিকোর। গ্যালারিতে স্বাগতিক দর্শকদের। মিউং-বো বললেন, এমন আবহে তার দল খেলেছে অতীতেও।

“এরকম ম্যাচ খেলার অভিজ্ঞতা আমার খেলোয়াড়দের আগেও হয়েছে। তাই, আগামীকালের পরিস্থিতি ভিন্ন হবে। আমাদের তাল-লয় নিয়ন্ত্রণ করতে হবে এবং ম্যাচে গতিপ্রবাহ অনুসরণ করতে হবে। এরপর সময়কে বিবেচনায় নেওয়া হবে গুরুত্বপূর্ণ কাজ।”