১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্কালোনি, গারেকার পর আরেক আর্জেন্টাইন কোচের শাস্তি

জ‍্যামাইকার বিপক্ষে ভেনেজুয়েলার ডাগআউটে থাকতে পারবেন না ফের্নান্দো বাতিস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 05:44 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

বিরতির পর দল দেরিতে মাঠে আসায় শাস্তি পেলেন ফের্নান্দো বাতিস্তা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ভেনেজুয়েলা কোচ। 

কোপা আমেরিকার চলতি আসরে শাস্তি পাওয়া তৃতীয় কোচ বাতিস্তা। আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও চিলির রিকার্দো গারেকার মতো তিনিও একজন আর্জেন্টাইন। 

বাংলাদেশ সময় সোমবার সকালে টেক্সাসে জ‍্যামাইকার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাতিস্তার শাস্তি নিয়ে কথা বলেন সহকারী কোচ লেয়ান্দ্রো কুফরে।

“বাতিস্তা খুবই ব‍্যথিত। কারণ, তিনি দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তবে আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই।” 

টানা দুই জয়ে আগেই নক আউট পর্ব নিশ্চিত করা দলটি শেষ ম‍্যাচে হার এড়ালেই হবে গ্রুপ সেরা। সেক্ষেত্রে শেষ আটে তারা খেলবে কানাডার বিপক্ষে, নয়তো সামনে পড়বে শিরোপাধারী আর্জেন্টিনা। এই সমীকরণ মাথায় রেখে বিশ্রামের সম্ভাবনা এক রকম উড়িয়ে দিলেন কুফরে।

“নিজেদের সেরা দল নামানোর কথাই আমাদের ভাবতে হবে। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যাপার হচ্ছে কাল একটা ভালো ফল পাওয়া।”