২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের ছেলের মৃত্যুর খবর দিলেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক

‘গুরুতর অসুস্থতার’ সঙ্গে লড়াই করে মৃত্যু হয়েছে সভেন উলরিখের ছেলে লেনের।

৬ বছরের ছেলের মৃত্যুর খবর দিলেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক
সভেন উলরিখ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তির তিন দিন পর সন্তান হারানোর খবর দিয়েছেন গোলরক্ষক সভেন উলরিখ। ‘গুরুতর অসুস্থতার’ সঙ্গে লড়াই করে মৃত্যু হয়েছে তার ৬ বছর বয়সী ছেলে লেনের।

৩৬ বছর বয়সী উলরিখের ছেলে মারা গেছে গত জুনে। শুক্রবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে খবরটি জনসম্মুখে প্রকাশ করে তিনি লেখেন, অস্পষ্টতা ও জল্পনা এড়াতে কঠিন এই সিদ্ধান্ত নিতে হয়েছে তার পরিবারকে। 

“গভীর দুঃখের সঙ্গে আজ আমরা জানাচ্ছি যে, দীর্ঘ সময়ের ও গুরুতর অসুস্থতার পর আমাদের ছেলে লেন কয়েক সপ্তাহ আগে মারা গেছে। এখন এটা প্রকাশ করার সিদ্ধান্ত আমাদের জন্য খুবই কঠিন, তবে আমাদের চারপাশ ও লোকজনের কাছে স্পষ্ট করার জন্য আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা। আমাদের মেয়েকে সঙ্গে নিয়ে এখন আমরা একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি।”

কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, বন্ধুবান্ধব ও বায়ার্ন মিউনিখের প্রতি কৃতজ্ঞতা জানান উলরিখ।

উলরিখ স্টুটগার্ট থেকে বায়ার্নে যোগ দেওয়ার তিন বছর পর ২০১৮ সালের নভেম্বরে জন্ম হয় লেনের।