অবশেষে ভিয়েৎসের গোল, লিভারপুলের জয়
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষ চারে উঠেছে আর্না স্লটের দল।
ফ্লোহিয়ান ভিয়েৎসের দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে। লিভারপুলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন তিনি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষ চারে জায়গা করে নিল আর্না স্লটের দল।
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। তাদের এগিয়ে নিয়েছিলেন রায়ান গ্রাভেনবার্চ।
শিরোপা ধরে রাখার অভিযানে আসরে প্রথম পাঁচ ম্যাচের সবকটি জয়ের পর পথ হারিয়ে ফেলেছিল লিভারপুল। দারুণ সেই শুরুর পর, এই প্রথম লিগে টানা তিন ম্যাচ জিততে পারল তারা।
১৮ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল। সমান ম্যাচে ১৬টি হেরে স্রেফ ২ পয়েন্ট নিয়ে তলানিতে উলভারহ্যাম্পটন।
বল দখলে লিভারপুলের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও, আক্রমণে উলভারহ্যাম্পটন খুব একটা কম যায়নি। তাদের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল। লিভারপুল ১৪ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে।
প্রথমার্ধের শেষ দিকে পরপর দুই মিনিটে দুই গোল করে এগিয়ে যায় লিভারপুল। ৪১তম মিনিটে বক্সে ইয়েরেমি ফ্রিম্পংয়ের কাট-ব্যাকে বল পেয়ে নিচু শটে ডেডলক ভাঙেন গ্রাভেনবার্চ। পরের মিনিটে উগো একিটিকের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান ভিয়েৎস।
প্রিমিয়ার লিগে ১৭ ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে লিভারপুলের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন তিনি। গ্রীষ্মের দলবদলে বায়ার লেভারকুজেন থেকে রেকর্ড ১০ কোটি পাউন্ডে লিভারপুলে যোগ দেন ২২ বছর বয়সী এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান কমিয়ে উলভারহ্যাম্পটনকে ম্যাচে রাখেন সান্তিয়াগো বুয়েনো। বাকি সময়ে সুযোগ পায় দুই দলই; কিন্তু আর গোলের দেখা মেলেনি।
