চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনার সমর্থকরা
মোনাকো ম্যাচে বর্ণবাদী আচরণ করার দায়ে কাতালান ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানাও করেছে উয়েফা।
বার্সেলোনার সমর্থকদের বর্ণবাদী আচরণের প্রমাণ পেয়েছে উয়েফা। এর দায়ে কাতালান ক্লাবটিকে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে দলটির সমর্থকদের।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের কোনো টিকেট বিক্রি করতে পারবে না বার্সেলোনা। আগামী ৬ নভেম্বর রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে স্প্যানিশ ক্লাবটি।
মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে বার্সেলোনা। গত ১৯ সেপ্টেম্বরের ম্যাচটিতে বার্সেলোনার সমর্থকদের বর্ণবাদী আচরণ করার প্রমাণ পাওয়ার পর শুক্রবার শাস্তির ঘোষণা দেয় উয়েফা।
সমর্থকদের বর্ণবাদী আচরণের জন্য বার্সেলোনাকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে তারা। এখানেই শেষ নয়, ক্লাবটিকে উয়েফার আরেকটি অ্যাওয়ে ম্যাচের টিকেট বিক্রি করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই শাস্তি আপাতত এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পিএসজির মাঠে সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে ২৫ হাজার ইউরো জরিমানা গুনতে হয়েছিল বার্সেলোনাকে।
