রেয়াল মাদ্রিদের জয় ছাপিয়ে কার্ভাহালের কান্না
অস্ত্রোপচার লাগবে দানি কার্ভাহালের, লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডারকে।
আঘাত পাওয়ার পরই যেভাবে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েছিলেন দানি কার্ভাহাল, বাজে কিছুর শঙ্কা ফুটে উঠেছিল তাতেই। ম্য্যাচের পর রেয়াল মাদ্রিদের ড্রেসিং রুম ছিল থমথমে। সংবাদমাধ্যমে ফেদেরিকো ভালভের্দে বললেন, “এই জয় এখন আর গুরুত্বপূর্ণ নয়।” শঙ্কাগুলো সত্যিই হলো পরে, গুরুতর চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে রেয়ালের অভিজ্ঞ ডিফেন্ডারকে।
লা লিগায় শনিবার ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে ওই চোট পান কার্ভাহাল। ভালভের্দে ও ভিনিসিউসের দুর্দান্ত দুই গোলে ম্যাচটি জিতে নেয় রেয়াল মাদ্রিদ। তবে কার্ভাহালের চোটে বিষাদ ছেয়ে যায় সান্তিয়াগো বের্নাবেউতে।
ম্যাচের শেষ দিকে ভিয়ারেয়ালের জেরেমি পিনোর সঙ্গে বলের লড়াইয়ে পান পায়ে চোট পান কার্ভাহাল। প্রবল ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। মাটিতে পড়ে কাতরাতে থাকেন তখনই। চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় দুহাতে মুখ ঢেকে রাখেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার।
রেয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন কার্ভাহাল। তার এমন চোটে মন ভালো নেই দলের কারও। ভালভের্দের কাছে যেমন দলের জয়ের খুশিই আড়াল হয়ে গেছে।
“এটা খুবই হতাশাজনক। দিনশেষে, এই জয় বা ফলাফল খুব গুরুত্বপূর্ণ নয়, কার্ভার শারীরিক অবস্থাই গুরুত্বপূর্ণ।”
কার্ভাহালের চোটে রেয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের বিষাদময় চেহারা তুলে ধরলেন কার্লো আনচেলত্তি, পাশাপাশি ঠাসা সূচিকেও দায় দিলেন কোচ।
“হাঁটুর গুরুতর চোট বলেই মনে হচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় আরও পরিষ্কার করে বোঝা যাবে। ড্রেসিং রুম অবশ্যই খুবই বিমর্ষ ও চিন্তিত। এমন কিছু হয়ে গেছে, তা কখনোই আমাদের কাম্য ছিল না। এরকম (ঠাসা) সূচিতে এমনটি হতেই পারে। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ফুটবলারের সঙ্গেই এমনটি হয়ে গেল।”
“তার অভিজ্ঞতা, নিবেদন ও পেশাদারিত্ব দিয়ে সে দলের প্রধানতম ফুটবলারদের একজন। সে নিজেও খুব বিষন্ন ও হতাশ। তবে কিছু তো করার নেই।”
চোটের ধরন ও অস্ত্রোপচারের খবর কার্ভাহাল নিজেই পরে জানান সামাজিক মাধ্যমে।
“গুরুতর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোট নিশ্চিত হয়েছে। অস্ত্রোপচার করাতে হবে আমাকে এবং কয়েক মাসের জন্য বাইরে থাকতে হবে।”
“সেরে ওঠার প্রক্রিয়া শুরু করা ও প্রবলভাবে ফিরে আসার অপেক্ষায় আছি। সবার বার্তা ও শুভ কামনার জন্য কৃতজ্ঞতা, আমি আপ্লুত।”
কার্ভাহালের এই চোট রেয়ালের জন্য বিশাল এক ধাক্কা। দলের বড় ভরসার জায়গা তিনি, স্কোয়াডের নেতাদের একজন। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফর্ম করে অবদান রেখেছিলেন দলের শিরোপা জয়ে। পরে স্পেনের হয়ে ইউরোতেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ব্যালন দ’র জয়ের লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। সব মিলিয়ে তিনি জিতছেন চারটি লা লিগা, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, ছয়টি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক ট্রফি।
এসিএল চোটের যা সাধারণ বাস্তবতা, তাতে গোটা মৌসুমের জন্য তিনি ছিটকে পড়লেও বিস্ময়ের কিছু থাকবে না। রেয়াল মাদ্রিদের স্কোয়াডে বাড়তি কোনো রাইট-ব্যাক নেই। কাজ চালাতে হবে লুকাস ভাসকেসকে দিয়ে, এই দলে যাকে নানা ভূমিকায় ব্যবহার করা হয়।
কোনো রাইট-ব্যাক দলে নেওয়া হবে কি না, এই প্রশ্নও তাই উঠে গেল এ দিনই। আনচেলত্তি অবশ্য ভরসা রাখছেন ভাসকেসের ওপরই।
“আজকে এটা নিয়ে (নতুন কাউকে নেওয়া) কথা বলার সময় নয়। লুকাস ভাসকেসের ওপরও আমাদের আস্থা প্রবল। এই বিরতিতে (আন্তর্জাতিক ম্যাচের বিরতি) এটা নিয়ে কথা বলার সময় পাব আমরা। আর এখন তো দলবদলের সুযোগ নেই, খুব বিকল্পও নেই আমাদের সামনে।”
রেয়ালের দুর্ভাবনা শুধু কার্ভাহালকে নিয়েই নয়। ম্যাচের ৭৯তম মিনিটে কাঁধের সমস্যায় মাঠ ছাড়েন ভিনিসিউস। তারও বেশ ব্যথা আছে বলে ম্যাচের পর জানান কোচ আনচেলত্তি। পরীক্ষা করানোর পর বোঝা যাবে এই ব্রাজিলিয়ানের চোটের অবস্থা।
মূল গোলকিপার থিবো কোর্তোয়া তো চোটের কারণে আপাতত বাইরে আছেনই। দীর্ঘদিন ধরে বাইরে আছেন ডাভিড আলাবা।
