২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার যাত্রার এখনই শেষ নয়’

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ভাবনা নেই পর্তুগিজ মহাতারকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খেলা

Published : 21 Sep 2022, 08:17 PM

Updated : 21 Sep 2022, 09:04 PM

বয়স পেরিয়ে গেছে ৩৭। যার ছাপ পড়তে শুরু করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্সে। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে শুরুর একাদশে জায়গা পেতে করতে হচ্ছে সংগ্রাম। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসরের কোনো ভাবনা নেই পর্তুগাল অধিনায়কের। কাতার বিশ্বকাপের পর খেলতে চান ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।

উয়েফা নেশন্স লিগে চেক রিপাবলিক ও স্পেনের বিপক্ষে ম্যাচ খেলতে এখন পর্তুগাল দলের সঙ্গে আছেন রোনালদো। গত বছরের সেপ্টেম্বরে ইরানের আলি দাইয়ের ১০৯ গোলের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ স্কোরার হয়ে যান তিনি। এ উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে তাকে সম্মাননা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

সেখানেই রোনালদো বলেন, বিশ্বকাপের পর অবসরের ভাবনা নেই তার। একদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হবেন, কল্পনাও করেননি তিনি।

“এই বিশাল অর্জনের স্বীকৃতি পেয়ে আমি গর্বিত। কখনোই ভাবিনি যে, একদিন এটা অর্জন করতে পারব। আমি সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ছিল। এটা দীর্ঘ ভ্রমণ, কিন্তু আমি বলতে চাই, আমার যাত্রার এখনই শেষ নয়। ক্রিসের (রোনালদো) থেকে আপনাদের আরও নিতে হবে।”

“আশা করি, আরও কয়েক বছর ফেডারেশনের অংশ হতে পারব। এখনও আমি অনুপ্রাণিত বোধ করি, আমার লক্ষ্য অনেক উঁচু। আমি তরুণদের সঙ্গে একটি দলে আছি। এই বিশ্বকাপ এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও অংশ হতে চাই।”

পর্তুগালের হয়ে রোনালদোর অভিষেক হয় ২০০৩ সালে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৮৯ ম্যাচে তার গোল ১১৭টি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০১৬ ইউরো ও ২০১৯ নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলকে দেন নেতৃত্ব।

পর্তুগাল ও ইউনাইটেডে তার সতীর্থ ব্রুনো ফের্নান্দেসের বিশ্বাস, নভেম্বর-ডিসেম্বরের বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গড়ে যাবেন রোনালদো।  

“যে মনে করে, রোনালদো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে চায় না, সে আসলে তাকে চেনেই না। বছরের পর বছর ধরে যে প্রাণোচ্ছলতা, উচ্চাকাঙ্ক্ষা সে দেখিয়েছে, তা আমরা ভালো করেই জানি। এটা নতুন কিছু নয়।”

“আমরা জানি, ক্রিস্তিয়ানো এমন কিছু অর্জন করতে চায়, যা অন্যরা কখনও পারেনি। তার গুরুত্ব সবসময় একই থাকবে। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং সব বাধা সে অতিক্রম করে যাবে, যা অন্যরা পারে না।”

গত মৌসুমে পুরনো ঠিকানা ইউনাইটেডে ফেরেন রোনালদো। সেবার ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে করেন ২৪ গোল। এই বছরের ব্যালন ডি’অরের জন্য গত মাসে দেওয়া ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি।  

ইউরোপা লিগে গত বৃহস্পতিবার শেরিফ তিরাসপোলের বিপক্ষে ইউনাইটেডের ২-০ ব্যবধানের জয়ে রোনালদো পেনাল্টি থেকে একটি গোল করেন। এই মৌসুমে দলটির হয়ে আট ম্যাচে যা তার প্রথম গোল, আর ক্লাব ক্যারিয়ারের ৬৯৯তম।