ভক্তরা মাঠে ঢুকে পড়ায় সিটিকে জরিমানা
প্রিমিয়ার লিগে গত মৌসুমে শেষ রাউন্ডের ম্যাচ শেষে সমর্থকরা মাঠে প্রবেশ করায় সিটিকে ২ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
সমর্থকদের আপত্তিকর কান্ডে শাস্তি পেতে হলো ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডের পর তাদের ভক্ত-সমর্থকরা মাঠে প্রবেশ করায় ক্লাবটিকে ২ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
২০২১-২২ মৌসুমের লিগের শেষ রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নেমেছিল সিটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি জিতে শিরোপা নিশ্চিত করে ম্যানচেস্টারের ক্লাবটি। ম্যাচ শেষের পরপরই উদযাপন করতে মাঠে ঢুকে পড়েন দলটির সমর্থকরা।
ওই সময়ে লাঞ্ছিত হতে হয়েছিল ভিলা গোলরক্ষক রবিন ওলসেনকে কে। এছাড়া ভেঙে গিয়েছিল একটি ক্রসবার।
ভক্তদের আচরণ নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে সিটি।
ইংল্যান্ডের শীর্ষ লিগে শিরোপা নিশ্চিত করার ওই ম্যাচে ভিলার বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে ছিল পেপ গুয়ার্দিওলার দল। এরপর পাঁচ মিনিটের মধ্যে তিন গোল করে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় সিটি।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ভক্তদের দুই বার মাঠে প্রবেশের ঘটনায় গত মাসে এভারটনকে ৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছিল।
