২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ফুটবলার আটসু

এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন ক্রিস্টিয়ান আটসুর বর্তমান ক্লাব হাতিয়াসপোর স্পোর্টিং ডিরেক্টর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 06:55 PM

Updated : 07 Feb 2023, 08:07 PM

তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন ক্রিস্টিয়ান আটসু। নিউক্যাসল ইউনাইটেডের সাবেক এই ফুটবলারকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আটসুর বর্তমান ক্লাব হাতিয়াসপোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। 

সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক বহুতল ভবন ধসে পড়ে, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়ে। 

এখনও পর্যন্ত ধ্বংসাত্মক এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। ভয়ঙ্কর এক অবস্থা থেকে বেঁচে ফিরলেন আটসু। 

বিন স্পোর্টসকে সোমবার ওজাত বলেন, ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। পরদিন তিনি জানান, এখনও তাদের স্পোর্টিং ডিরেক্টর ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। 

৩১ বছর বয়সী আটসু গত বছর তুরস্কের ক্লাবটিতে যোগ দেন। ঘানার এই উইঙ্গার ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলের হয়ে। এর আগে চেলসির সঙ্গে চুক্তি করেন তিনি। যদিও ক্লাবটির হয়ে খেলতে পারেননি কোনো ম্যাচ। সেখান থেকে ধারে খেলেছেন এভারটন, বোর্নমাউথের হয়ে। 

২০১৯ সালে সবশেষ ঘানার হয়ে খেলেছেন আটসু। এখনও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাননি তিনি।