২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু হাল ছাড়ছেন না শাভি

চ্যাম্পিয়ন্স লিগে খাদের কিনারে থাকলেও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় বার্সেলোনা কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 10:29 PM

Updated : 25 Oct 2022, 10:29 PM

গ্রুপ পর্বের হিসাবটা আর নেই বার্সেলোনার হাতে। নিজেরা জিতলেও তাকিয়ে থাকতে হবে ইন্টার মিলানের ম্যাচের দিকে। তবে শাভি এরনান্দেস এখনই আশা হারাচ্ছেন না।

চ্যাম্পিয়ন্স লিগে ‘সি’ গ্রুপের ম্যাচ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলান পৌনে ১১টায় খেলবে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে।

চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে বায়ার্ন। জার্মান দলটির লক্ষ্য গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠা। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের শেষ ষোলোয় খেলা নিশ্চিত হবে ভিক্টোরিয়ার বিপক্ষে জিতলে।

ইন্টার জিতলে পরে বায়ার্নের বিপক্ষে জয় পেলেও লাভ হবে না বার্সেলোনার। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশায় ডুবতে হবে কাতালুনিয়ার দলটিকে।

ইন্টারের ম্যাচ আগে থাকায় তাদের ফলও আগেভাগে জেনে যাবে বার্সেলোনা। তবে এ ম্যাচের দিকে না তাকিয়ে তিনি মনোযোগ দিতে চান নিজের কাজে।

“লকার রুমে আমরা সবাই ম্যাচটি (ইন্টার-ভিক্টোরিয়া) দেখব। ম্যাচের ফল যায় হোক, আমরা দেখাতে চাই, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”

“গত সোমবারই আমি বায়ার্ন ম্যাচের লাইন-আপ ঠিক করে ফেলেছি। যদি কোনো খেলোয়াড় চোট না পায়… পরিবর্তন আসবে না…ইন্টার ম্যাচের ফল যাই হোক না কেন।

ইন্টারের বিপক্ষে প্রথম দেখায় হারের পর দ্বিতীয় লেগে ৩-৩ ড্র করে বিপদে পড়ে গেছে বার্সেলোনা। আসছে ম্যাচের প্রতিপক্ষ বায়ার্নের বিপক্ষেও তাদের সবশেষ ১২ ম্যাচে অভিজ্ঞতা সুখকর নয় মোটেও; হার ৯ ম্যাচে, এর মধ্যে টানা শেষের পাঁচটি।

‘বাভারিয়ান’দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ঘুরেফিরে সেই ক্ষীণ আশার কথাই শোনালেন শাভি।

“বিষয়টা এমন নয় যে, আমাদের আলৌকিক কিছু প্রয়োজন; কেননা, আমাদের এক চিলতে হলেও আশা আছে। আমরা জানি, এটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করছে না এবং এটাই আমাদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।”

“কিন্তু আমরা জানি, মিলানে যাই হোক না কেন, আমরা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামব। আমরা এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি-এটা দেখাতে হলে আমাদের। অবশ্যই বায়ার্নকে হারাতে হবে। আশা খুবই ক্ষীণ, তবে সেটা আমরা হারাতে পারি না। আমরা আমাদের হোমওয়ার্ক করেছি। এই প্রতিযোগিতা আমাদের জন্য ভীষণ নির্মম হয়ে উঠেছে, কিন্তু এই বাস্তবতারই মুখোমুখি আমরা।”

গ্রুপ পর্বে তৃতীয় হলে ইউরোপা লিগে নেমে যাবে বার্সেলোনা। তৃতীয় হওয়া দলগুলোকে গত সপ্তাহে ‘ব্যর্থ হাঙর’ বলে তিরস্কার করেছিলেন জোসে মরিনিয়ো। এ নিয়ে ওঠা প্রশ্নে কৌশলী উত্তরই দিয়েছেন শাভি।

“এটার জবাব দেওয়ার কিছু নেই। যদি আমাদের এ টুর্নামেন্টে (ইউরোপা লিগে) খেলতে হয়, তাহলে আমরা সেখানেও লড়াই করব।”

“ইউরোপা লিগ নিয়ে এখনই আমরা ভাবছি না। কিন্তু যদি সেখানে আমাদের খেলতেই হয়, তাহলে আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব এবং জয়ের জন্য সিংহের মতো লড়াই করব।”