১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাঠে ফোডেনকে আগের মতো হাসিমুখে দেখতে চান গুয়ার্দিওলা

কেভিন ডে ব্রুইনে চলে যাওয়ায়, সিটির মাঝমাঠে ইংলিশ মিডফিল্ডারের ওপর দায়িত্ব আরও বাড়বে।

মাঠে ফোডেনকে আগের মতো হাসিমুখে দেখতে চান গুয়ার্দিওলা
ফিল ফোডেনের (বাঁয়ে) সঙ্গে পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ম্যানচেস্টার সিটির টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পথে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ফিল ফোডেন গত মৌসুমে ছিলেন নিজের ছায়া হয়ে। ইংলিশ এই মিডফিল্ডারকে আবার পুরনো ছন্দে দেখার অপেক্ষায় আছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। 

ফোডেনের জন্য ২০২৪-২৫ মৌসুমটা ছিল তীব্র হতাশার। ফিটনেস সমস্যায় তিনি গত প্রিমিয়ার লিগে কেবল ২০ ম্যাচে শুরুর একাদশে খেলতে পারেন, গোল করেন ৭টি, করান দুটি। যেখানে তার আগের মৌসুমে তিনি শুরুর একাদশে খেলেছিলেন ৩৩ ম্যাচে, গোল করেছিলেন ১৯টি এবং করিয়েছিলেন ৮টি। ওই মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।

চোট আর ফিটনেস সমস্যা কাটিয়ে গত মৌসুমে যেসব ম্যাচে মাঠে নামেন, সেগুলোতেও তেমন ছন্দে ছিলেন না ফোডেন। নতুন মৌসুমের শুরুটাও তার ভালো হয়নি; ২৫ বছর বয়সী এই ফুটবলার সিটির প্রথম তিন ম্যাচে মাঠে ছিলেন মাত্র ১৫ মিনিট। চলতি মাসে ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের স্কোয়াডেও জায়গা হয়নি তার।

তবে ম্যানচেস্টার ডার্বির আগে তাকে নিয়ে আশার কথা শোনালেন গুয়ার্দিওলা। রোববার নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। গত এক দশকে তাদের মাঝমাঠের নেতা কেভিন ডে ব্রুইনে দল ছেড়ে যাওয়ার পর, এখন ফোডেনকেই মূল ভরসা হিসেবে দেখছেন গুয়ার্দিওলা।

“আমি (সবসময় সবার আগে) ফিলকেই খুঁজি। আমি খুব করে চাই, সে যেন মাঠে আনন্দের সঙ্গে খেলতে পারে, প্রতিটি অনুশীলনে হাসিমুখে থাকে এবং দলের জন্য অবদান রাখে। গত মৌসুমে আমাদের ভোগান্তির বড় কারণ হলো, আক্রমণে তাকে ভীষণ মিস করেছি। মাঠে সৃজনশীলতা ও পরিশ্রমের দিক দিয়ে সে আমাদের সেরা।”

জুন-জুলাইয়ের ফিফা ক্লাব বিশ্বকাপে ফোডেনকে বেশ ছন্দে দেখা গিয়েছিল। তবে এরপর আবার গোড়ালির চোটে ভুগতে হয় তাকে।

“মাঝেমধ্যে একটা সম্ভাবনা জাগে, মনে হয়, ‘সে ফিরছে।‘ কিন্তু এক সপ্তাহ খেলেই আবার থেমে যায়। ফিরে আসে, তারপর আবার নতুন চোট। সব খেলোয়াড়কেই (চোট কাটিয়ে) ফিরলে নিয়মিত ম্যাচ খেলতে হয়, প্রতিদিন দলের সঙ্গে থাকতে হয়। এভাবেই এগোতে হবে। তাকে চেষ্টা করে যেতে হবে।”

চলতি মৌসুমেও সিটির এখন পর্যন্ত যাত্রা ভালো হয়নি। জয়ে লিগ শুরুর পরের দুই ম্যাচেই হেরে গেছে দলটি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে তারা।