১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

উইম্বলডনে সেঞ্চুরি ছুঁয়ে ‘সৌভাগ্যবান’ জোকোভিচ

মাত্র তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন সার্বিয়ান তারকা।

উইম্বলডনে সেঞ্চুরি ছুঁয়ে ‘সৌভাগ্যবান’ জোকোভিচ
শততম জয়ের পর নোভাক জোকোভিচের বিশেষ উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

দ্যুতিময় ক্যারিয়ারে আরেকটি নতুন মাইলফলকে পা রেখেছেন নোভাক জেকোভিচ। টেনিস ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডনে শততম জয়ের স্বাদ পেয়েছেন সার্বিয়ান তারকা।

কীর্তিটি গড়তে যেন তর সইছিল না জোকোভিচের। তৃতীয় রাউন্ডের ম্যাচে শনিবার মাত্র এক ঘণ্টা ৫০ মিনিটে স্বদেশি মিওমির কেচমানোভিচকে ৬-৩, ৬-০, ৬-৪ গেমে উড়িয়ে দেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক।

সেঞ্চুরি ছুঁয়ে ‘পাম্পিং ডান্স’ করে উদযাপন করেন জোকোভিচ, যা এই টুর্নামেন্টে প্রতিটি জয়ের পর যেন তার ও তার সন্তানদের মধ্যে একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে।

“উইম্বলডন কেবল আমার প্রিয় ও স্বপ্নের টুর্নামেন্ট নয়, বরং অধিকাংশ খেলোয়াড়েরই।”

“বেড়ে ওঠার সময় বেশিরভাগ শিশুই এখানে জয়ের স্বপ্ন দেখে এবং সেটাই আমি সৌভাগ্যবশত অনেকবার করতে পেরেছি। প্রিয় টুর্নামেন্টে যেকোনো ইতিহাস লেখাই আমার জন্য সৌভাগ্যের।”

বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্ল্যামে কেবল এককেই শত জয়ের কীর্তির দেখা মিলেছে তিনবার; আগের দুজন হলেন নারী এককের ৯ বারের চ্যাম্পিয়ন মার্তিনা নাভ্রাতিলোভা ও পুরুষ এককে আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

পুরুষ এককে ১০৫ জয় নিয়ে রেকর্ডটি সুইস গ্রেট ফেদেরারের। এবার জোকোভিচ শিরোপা জিততে পারলেও ফেদেরারের রেকর্ড থেকে এক জয় দূরে থাকবেন। 

তবে এখানে এবার শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারলে আরও বড় অর্জনে নাম লেখা হয়ে যাবে ৩৮ বছর বয়সী জোকোভিচের; ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন তিনি। ২০২৩ ইউএস ওপেন জয়ের পর থেকেই রেকর্ডটি তাড়া করছেন তিনি।