২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মূল পর্বই লক্ষ্য আফঈদা-বাটলারের

সবাই খেলার মধ্যে থাকায় দল নিয়ে আশাবাদী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার।

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মূল পর্বই লক্ষ্য আফঈদা-বাটলারের
অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

সুসময়ের ভেলায় চেপে এবার এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পেরুনোর আশা বাংলাদেশের। লাওসের উদ্দেশে রওনা দেওয়ার আগে অধিনায়ক আফঈদা খন্দকার ও কোচ পিটার জেমস বাটলার আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন মূল পর্বে খেলার লক্ষ্য।

২০২৬ এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে আছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য তিন দল দক্ষিণ কোরিয়া, লাওস ও তিমুর লেস্তে। গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া।

এই গ্রুপের বাছাইয়ের স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বুধবার অভিযান শুরু করবে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বাছাইয়ের লক্ষ্য নিয়ে কথা বলেন আফঈদা।

“আমরা সেখানে ভালো খেলে কোয়ালিফাই করার জন্যই যাচ্ছি। টানা খেলার মধ্যে আছি আমরা। সাফে (অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ) সবাই গেম টাইম পেয়েছে। আমরা এশিয়ান কাপ বাছাইয়ে যারা খেলেছি, তারা কিছুটা বিশ্রাম নিয়েই খেলেছি। ফলে তেমন ক্লান্তি নেই।”

আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। দক্ষিণ কোরিয়া গ্রুপে থাকায় বাংলাদেশ কোচ বাটলার একটু সাবধানী।

“দক্ষিণ কোরিয়া এই অঞ্চলের সেরা দল। নিঃসন্দেহে তারা অনেক এগিয়ে; অনেক ভালো দল। আমাদের প্রথম ম্যাচ লাওসের সঙ্গে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচ জিতে আমরা এগিয়ে থাকতে চাই।”

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলা ২৩ জন খেলোয়াড়ই যাচ্ছেন লাওসে। এদের মধ্যে ৯ জন খেলেন সিনিয়র দলে।