অবসর ভাবনা জানালেন নেইমার
আপাতত প্রতিটি দিন হিসেবে এগিয়ে যেতে চান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এক বছর আগে অনেক প্রত্যাশা নিয়ে সান্তোসে ফিরলেও, পরবর্তী সময়টা ভালো কাটেনি নেইমারের। এখন ২০২৬ সালে বিশ্বকাপে খেলার লক্ষ্য পূরণ হবে কিনা, তা নিয়েও আছে সংশয়। কেননা, ২০২৫ সালে জানুয়ারির পর থেকে নেইমার ম্যাচ খেলেছেন মাত্র ২৯টি, সাইডলাইনে বসে ছিলেন কমপক্ষে ১৯৬ দিন!
কয়েক বছর ধরেই একের পর এক চোটের ছোবলে জর্জরিত নেইমারের ক্যারিয়ার। চোটের ধাক্কায় ফর্ম হারিয়ে, ইউরোপীয় ও সৌদি ফুটবলের পাঠ চুকিয়ে ফিরতে হয়েছে স্বদেশের ফুটবলে। কিন্তু মন থেকে আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন মুছে যায়নি তার।
২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন দেশটির সর্বোচ্চ গোলদাতা (৭৯টি) নেইমার। ক্যারিয়ারের সেরা সময় নেইমার অনেক পেছনে ফেলে এলেও, পরের বিশ্বকাপে খেলার আশায় এখনও আছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু তার স্বপ্ন পূরণের পথটা মসৃণ নয় মোটেও।
সব মিলিয়ে পরিস্থিতি যে অনুকূলে নেই, তা অনুভব করতে পারছেন নেইমার নিজেও। ব্রাজিলের এই তারকা সম্প্রতি কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বুট জোড়া তুলে রাখার ভাবনা জানিয়েছেন। সেখানে অবশ্য খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা ও শেষের, দুইরকম ইঙ্গিতই আছে।
“আমি জানি না, ভবিষ্যৎ আমার জন্য কী রেখেছে। আমি জানি না, পরের বছরটা আমার জন্য কেমন হবে। হতে পারে, ডিসেম্বরে আমি অবসরের যাওয়ার বিষয়টি অনুভব করব। কেননা, আমি এক-একটি দিন করে বাঁচি। এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। কেবল সেটা সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও, এটা বিশ্বকাপের বছর।”
“আমার জন্যও এটা বিরাট চ্যালেঞ্জের বিষয়। আমি এখন এক-একটি দিন ধরে হিসেব কষছি। জানি না, ভবিষ্যতে আমার জন্য কী আছে। আমি জানি না, আগামী বছরটা আমার জন্য কেমন হবে। হয়তো ডিসেম্বরে আমি বুট জোড়া তুলে রাখতে চাইব। কিন্তু এই সিদ্ধান্ত আমার হৃদয় থেকে আসতে হবে।”
