‘নিজের সেরা লাফ’ দিয়েও সবার শেষে স্বপ্না
গত বছর ভারতে করা ফলাফল অবশ্য ছাপিয়ে যেতে পারেননি বাংলাদেশের এই অ্যাথলেট।
কমনওয়েলথ গেমসে মেয়েদের লং জাম্পে ব্যক্তিগত মৌসুম সেরা ফল পেলেন স্বপ্না খাতুন। কিন্তু পরের ধাপে যাওয়ার জন্য সেটা যথেষ্ট হলো না। হিট থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের এই অ্যাথলেট।
গ্লাসগোয় শুক্রবার ৫ দশমিক ৪৩ মিটার অতিক্রম করেছেন স্বপ্না। দুই হিট মিলিয়ে ২১ প্রতিযোগীর মধ্যে ২১তম হয়েছেন ২২ বছর বয়সী এই অ্যাথলেট।
চলতি মৌসুমে এটিই তার সেরা লাফ। তবে, ২০২৫ সালে ভারতের রাচিতে সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ৫ দশমিক ৫৬ মিটার অতিক্রম করেছিলেন। সব মিলিয়ে সেটাই তার সেরা পারফরম্যান্স।
হিট পেরিয়ে এই ইভেন্টের পদকের লড়াইয়ে ওঠা ১২ প্রতিযোগীর মধ্যে সবশেষ জন কেনিয়ার ফেইথ কিপস্যাং। তিনি অতিক্রম করেছেন ৬ দশমিক ২৩ মিটার।
গ্লাসগোর আসরে অ্যাথলেটিক্সে বাংলাদেশের বিবর্ণতা আরও বাড়ল। এর আগে ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব ও মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার ঝরে পড়েন হিট থেকে। ৪০০ মিটার হার্ডলসে একই পরিণতি হয় নাজিমুল হোসেন রনিরও।
