২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট কাটার বিরুদ্ধে কানাডার আপিল খারিজ

প্রতিপক্ষের কৌশল জানতে ড্রোন ওড়ানোয় শাস্তি হিসেবে কানাডার ৬ পয়েন্ট কাটার শাস্তি থাকছেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 09:39 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

প্রতিপক্ষের কৌশল জানতে ড্রোন ওড়ানোয় পাওয়া শাস্তির বিরুদ্ধে কানাডার আপিল খারিজ করে দিয়েছে কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস বা আন্তর্জাতিক ক্রীড়া আদালত। বহাল থাকছে তাদের ৬ পয়েন্ট কাটার শাস্তি।

ড্রোন কাণ্ডের শুরু গত ২২ জুলাই, নিউ জিল্যান্ডের বিপক্ষে প্যারিস অলিম্পিকসে মেয়েদের ফুটবল ইভেন্টে কানাডার প্রথম ম্যাচের দুই দিন আগে। প্রতিপক্ষের অনুশীলনের সময় সেখানে ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে দলটির স্টাফদের ওপর।

এর ফলে কানাডার ৬ পয়েন্ট কর্তন করার সিদ্ধান্ত গত শনিবার এক বিবৃতি দিয়ে জানায় ফিফা। একই সঙ্গে দলটির প্রধান কোচ বেভ প্রিস্টমান, দুই অফিসিয়াল জোসেপ লোমবার্ডি ও জেসমিন ম্যান্ডেরকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

পরে পয়েন্ট কাটার শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যায় কানাডা। শেষ পর্যন্ত টেকেনি তাদের আবেদন।

টোকিও অলিম্পিকসের সোনাজয়ী কানাডা আসরে নিজেদের দুটি ম্যাচই জিতেছে। কোনো পয়েন্ট না পাওয়ায় ‘এ’ গ্রুপে তাদের অবস্থান এখন তৃতীয়। তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্টও তিন।

কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা এখনও টিকে আছে কানাডার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে হবে তাদের।