২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের প্রসঙ্গে আনচেলত্তি বললেন, ‘অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের’

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পর্যন্ত আর অন্য কোনো কিছু নিয়ে ভাবতে নারাজ রেয়াল মাদ্রিদ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 10:10 AM

Updated : 26 Aug 2026, 09:34 AM

কিলিয়ান এমবাপের নতুন ঠিকানা মোটামুটি সবারই জানা। তবে তার সম্ভাব্য নতুন অভিভাবক এখনও এই প্রসঙ্গে কোনো কথা বলতেই আগ্রহী নন। কিলিয়ান এমবাপেকে নিয়ে এই মুহূর্তে ‘টু’ শব্দটি উচ্চারণ করতে রাজি নন কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগ পর্যন্ত নিজ দল ছাড়া অন্য কোনো কিছু নিয়েই ভাবছেন না বলে দাবি রেয়াল মাদ্রিদ কোচের।

আগেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা রেয়াল মাদ্রিদ শনিবার ৪-০ গোলে উড়িয়ে দেয় গ্রানাদাকে। এই মৌসুমের যে নিয়মিত একাদশ দেখা গেছে, সেখান থেকে এই ম্যাচের একাদশে ছিলেন কেবল আন্টোনিও রুডিগার। তবু বড় ব্যবধানে জিততে কোনো সমস্যায় হয়নি তাদের।

ম্যাচের পর আনচেলত্তির কাছে প্রশ্ন ছুটে যায় আগামী মৌসুমের সম্ভাব্য আলোচিত সংযোজন নিয়ে। এমবাপের রেয়ালে আসা নিয়ে প্রশ্নের উত্তর নানা সময়েই দিতে হয়েছে আনচেলত্তিকে। গত কিছুদিনে অবশ্য তা স্তিমিত হয়েছিল আবার। তবে এমবাপে আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়ার পর আবার চলছে তোলপাড়।

তবে আনচেলত্তির উত্তর আগের মতোই। কোনোভাবেই এটির গভীরে তিনি যেতে চান না এখনই। 

“এই প্রসঙ্গ (এমবাপের রেয়ালে আসা) নিয়ে এখন ভাবছি না। এই মুহূর্তে আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছুতে মনোযোগ দেওয়ার আছ। আরও অনেক কিছু ভাবার আছে, করার আছে।”

“আজকে আমরা খেললাম, জিতলাম। কালকে সমর্থকদের সঙ্গে উদযাপন করার জন্য তর সইছে না আমাদের। এরপরও আরও ম্যাচ আছে। আমাদের ভাবনা খুবই পরিষ্কার যে, ১ জুন পর্যন্ত (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) কী কী নিয়ে ভাবতে হবে আমাদের।”

৩৬তম লিগ শিরোপা উদযাপনে রোববার বিশেষ আয়োজন আছে রেয়াল মাদ্রিদের। লিগে ম্যাচ বাকি আছে এখনও তিনটি। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এই ম্যাচগুলি শেষ হওয়ার পরই এমবাপের যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেবে রেয়াল মাদ্রিদ।

গ্রানাদার বিপক্ষে ম্যাচে আনচেলত্তি একাদশ সাজিয়েছিলেন মূলত বিকল্প ফুটবলারদের দিয়ে। তারা প্রায় সবাই জ্বলে উঠেছেন দারুণভাবে। দুটি গোল করেছেন ব্রাহিম দিয়াস, মৌসুমজুড়েই যিনি নানা সময়ে বদলি হিসেবে নেমে ছাপ রেখেছেন দারুণ। একটি করে গোল করেছেন ফ্রান গার্সিয়া ও আর্দা গিলের। 

এই মুহূর্তে কাকে রেখে কার প্রশংসা করবেন, এটাই যেন বুঝে উঠতে পারছেন না আনচেলত্তি। 

“এই মুহূর্তে দলের অবস্থা দারুণ। সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে, লড়াই করতে, নিজেদের মেলে ধরতে মুখিয়ে থাকে, দল হিসেবে খেলতে চায়।”

“কোন ফুটবলার আমাকে বেশি চমকে দিয়েছে, তা বলা কঠিন। ব্রাহিম আমাকে মুগ্ধ করেছে, হোসেলু করেছে, ফ্রান (গার্সিয়া… দলে নতুন আসা সবাই দারুণ খেলেছে। দলকে এই অবস্থায় তুলে আনতে ওরা সবাই মৌলিক অবদান রেখেছে।”