২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদ কোচের ভাবনা এখন অন্যখানে

আক্রমণভাগের পারফরম্যান্সে খুশি হলেও দলের রক্ষণ নিয়ে এখনও সন্তুষ্ট নন কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

চ্যাম্পিয়ন্স লিগে মাঝে ছন্দহীনতায় ভোগা রেয়াল মাদ্রিদ আভাস দিয়েছে সেরা রূপে ফেরার। সবশেষ ম্যাচে সালসবুর্ককে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। দলের আক্রমণভাগের দাপুটে পারফরম্যান্সে খুব খুশি কোচ কার্লো আনচেলত্তি। তবে রক্ষণভাগ নিয়ে এখনও কিছুটা চিন্তিত তিনি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে অস্ট্রিয়ার ক্লাবটিকে ৫-১ গোলে গুঁড়িয়ে দেয় রেয়াল। এই জয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ ষোলোয় সরাসরি খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পেরেছে তারা। 

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল রেয়াল। তবে নিজেদের গুছিয়ে নিতে খুব একটা সময় নেয়নি তারা। প্রথমার্ধেই রদ্রিগোর দুই গোলে ম্যাচের লাগাম হাতে নেয় ইউরোপের সফলতম দলটি।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী ফুটবলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। কিলিয়ান এমবাপের একটি গোলের পরে দুবার জালের দেখা পান ভিনিসিউস জুনিয়র। ম্যাচ সেরার পুরস্কার ওঠে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের হাতে। একেবারে শেষ দিকে একটি গোল পরিশোধ করতে পারে সালসবুর্ক। 

দলের আক্রমণভাগের পারফরম্যান্স মনে ধরেছে আনচেলত্তির। তবে রক্ষণ সামলানোয় সামগ্রিকভাবে আরও উন্নতি প্রয়োজন, ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে বলেছেন ইতালিয়ান কোচ। 

“আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি, ম্যাচ জেতা ও ভালো খেলার চেষ্টা করার। শুরুতে কিছুটা এলোমেলো ছিলাম, কিন্তু এরপর সেটা ঠিক করে সত্যিই ভালো খেলেছি।”

“অবশ্যই আমাদের আক্রমণভাগের খেলোয়াড়দের মান নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি দিকগুলো ঠিক করার চেষ্টা করছি। কারণ আক্রমণভাগের যে দক্ষতা রয়েছে, তা অবিশ্বাস্য। রক্ষণভাগে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে।”

সালসবুর্কের বিপক্ষে অবশ্য রেয়ালের রক্ষণের পারফরম্যান্স খুব খারাপ ছিল না। তাই এই ম্যাচের পারফরম্যান্সে খুশি আনচেলত্তিও। তবে তার মতে, রক্ষণে উন্নতি করতে পারলেই কেবল আক্রমণভাগের মানসম্মত খেলোয়াড় থাকার সুবিধা কাজে লাগাতে পারবে দল।

“(রক্ষণে) মাঝেমধ্যে ভালো করি, আবার কখনও কিছুটা খারাপ, তবে আমরা ভালো ছন্দে আছি। গোল হজম করা নিয়ে আমি ক্ষুব্ধ নই, আজ আমরা রক্ষণে ভালো করেছি।”

“(আন্টোনিও) রুডিগার আজ খুব ভালো করেছে, আলাবা অবশেষে ফিরে এসেছে, (রাউল) আসেনসিও ভালো... তবে সমস্যাটা আমাদের সমষ্টিগত। আর এটা ঠিক করাই এ বছর আমাদের মূল লক্ষ্য। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করতে পারি, তাহলে সফল হব এবং আমাদের আক্রমণভাগের পুরো সুবিধা নিতে পারব।”

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা একদমই ভালো হয়নি রেয়ালের। নতুন আঙ্গিকের আসরে প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে বসে তারা। সবশেষ দুই জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন টেবিলে ১৬তম স্থানে আছে দলটি।

সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেওয়া কঠিন রেয়ালের জন্য। নিজেদের শেষ ম্যাচ তো জিততেই হবে, সঙ্গে অন্যদের ফলাফলও আসতে হবে পক্ষে। তবে প্লে-অফে খেলার টিকেট আপাতত নিশ্চিত তাদের।

এত কিছু না ভেবে কেবল ব্রেস্তের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে চান আনচেলত্তি।

“সামনে কী ঘটতে পারে কেউ জানে না...এখন কেবল একটা বিষয় পরিষ্কার, আমাদের শেষ ম্যাচটা জিততেই হবে, আর এটা এই ক্লাবের জন্য নতুন কিছু নয়। রেয়াল মাদ্রিদে থাকলে আমাদের সব ম্যাচ জিততেই হবে।”

আগামী বুধবার ফরাসি ক্লাব ব্রেস্তের মাঠে খেলবে রেয়াল।