ইংলিশ ফুটবল
Published : 25 Sep 2025, 06:00 PM
প্রতিপক্ষের রক্ষণ ছিল যেন ইস্পাত দেয়াল। কঠিন সেই চ্যালেঞ্জ সামলে চমৎকার এক গোল করে মিকেল আর্তেতার মন জয় করে নিলেন এবেরেচি এজে। আর্সেনাল কোচের বিশ্বাস, দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করে তুলবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
লিগ কাপে বুধবার পোর্ট ভেইলকে ২-০ গোলে হারায় আর্সেনাল। রক্ষণাত্মক ফুটবল খেলা দলের বিপক্ষে শুরুতেই প্রিমিয়ার লিগের ক্লাবটিকে এগিয়ে নেন এজে। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন লেয়ান্দ্রো ত্রোসার।
লন্ডনের ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা ইংলিশ ফুটবলার এজে ২০২০ থেকে পাঁচ মৌসুম ক্রিস্টাল প্যালেসে খেলে, গত অগাস্টে ফিরেছেন পুরনো ঠিকানায়।
শৈশবের ক্লাবে ফিরে প্রথম চার ম্যাচে জালের দেখা পাননি ২৭ বছর বয়সী এই ফুটবলার। পঞ্চম ম্যাচে এসে আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন তিনি।
ম্যাচজুড়ে আধিপত্য করে আর্সেনাল। ৮১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১১টি শট নেয় তারা। যার মধ্যে লক্ষ্যে ছিল চারটি।
অষ্টম মিনিটে এজের গোলের পর পোর্ট ভেইলের দৃঢ় রক্ষণ ভাঙতেই পারছিল না আর্সেনাল। অনেক চেষ্টার পর ৮৬তম মিনিটে বদলি নামা ত্রোসারের নৈপুণ্যে দ্বিতীয়বার জালের দেখা পায় দলটি।
ম্যাচে আর্সেনালের আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন এজে। ম্যাচ শেষে দলের নতুন সদস্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন আর্তেতা।
“দলে তার কী করা প্রয়োজন, এটা বোঝার জন্য তাকে দলের অন্যদের সঙ্গে আরও খেলতে হবে। তাহলে তার এমন পারফরম্যান্স আরও ধারাবাহিকভাবে দেখা যাবে এবং সেটা আমাদের জন্য ভালো হবে। সামগ্রিকভাবে সে খুবই ভালো খেলেছে, আমার মনে হয়, তার অনেক কিছু দেওয়ার আছে।”
এবারের প্রিমিয়ার লিগে শুরুটা তেমন প্রত্যাশিত হয়নি আর্সেনালের। ইতোমধ্যে তারা শীর্ষস্থান থেকে পিছিয়ে পড়েছে ৫ পয়েন্টে। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
রোববার লিগ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্তেতার দল।