আরেকটি হারের পর শিরোপা সম্ভাবনা নিয়ে চুপ আর্সেনাল কোচ
নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সবশেষ ম্যাচে হেরে ভীষণ হতাশ কোচ মিকেল আর্তেতা।
হঠাৎ করেই যেন সাফল্যের চেনা পথটা হারিয়ে ফেলেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়ের দেখা নেই! সবশেষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের পর, শিরোপা লড়াই নিয়ে কোনো কথাই বলতে চাইলেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
এই স্প্যানিশ কোচের হাতে ধরে গত দুই মৌসুমে লিগে দারুণ লড়াই করে আর্সেনাল। গত আসরে শেষ দিন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনায় ছিল তারা। এবারও সবকিছু ঠিকঠাকই চলছিল।
কিন্তু, গত ১৯ অক্টোবর বোর্নমাউথের বিপক্ষে মৌসুমে প্রথম হারের স্বাদ পায় তারা। সেই যে পথ হারাল, লিগে পরের দুই ম্যাচেও জয়ের দেখা পায়নি দলটি। লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর পর, নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ১-০ গোলে হারে আর্তেতার দল।
নিজেদের এই পরাজয় এবং পরে ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের ২-১ গোলের জয়ে, টেবিলে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে আর্সেনাল। তবে এখনই শিরোপা লড়াই নিয়ে কথা বলার কোনো প্রয়োজন দেখছেন না আর্তেতা।
“আমি বুঝতে পারছি, তবে ৮, ৯ কিংবা ১০ ম্যাচ পর গত বছর আমরা (শিরোপা লড়াই) নিয়ে কথা বলিনি এবং এখনও আমরা বলব না।”
“(এই পরিস্থিতে) দল কিভাবে প্রতিক্রিয়া দেখায়, সেটাই মূল বিষয়। এখন আমরা কেমন বোধ করছি, তা বোঝানোর জন্য সঠিক শব্দ বা উত্তর খুঁজব না আমরা। বুধবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে (চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে) আমাদের তা দেখাতে হবে।”
প্রিমিয়ার লিগে ১০ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে ও ১৯ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তিনে আছে। চার নম্বরে আর্সেনালের পয়েন্ট ১৮।
সেন্ট জেমস পার্কে শনিবার প্রায় পুরোটা সময় নিজেদের খুঁজে ফিরেছে আর্সেনাল। দ্বাদশ মিনিটে আলেকসান্দার ইসাকের হেডে পিছিয়ে পড়ার পর তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি তারা। পুরো ম্যাচে একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারে সাকা-হাভার্টজরা।
এমন পারফরম্যান্সের পর আর্তেতাও আত্মসমালোচনা করতে পিছপা হলেন না।
“আজ পরাজয়ই আমাদের প্রাপ্য ছিল। আমার মনে হয়, শুরুটা ভালোই করেছিলাম আমরা, আধিপত্যও বিস্তার করি। কিন্তু আমরা বক্সে ভালোমতো রক্ষণ সামলাতে পারিনি। তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তারা দুর্দান্ত একটি গোল করেছে।”
“এরপর, খেলা বদলে গেল এবং আপনি ভিন্ন ধরনের খেলা শুরু করলেন। এক্ষেত্রে দলকে মানিয়ে নিতে হতো এবং আমরা সেটা ভালোমতো পারিনি। আমি খুব হতাশ।”
