সেভিয়ার নতুন কোচ সাম্পাওলি
স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন কোচ।
হুলেন লোপেতেগিকে ছাঁটাইয়ের পর নতুন কোচ নিয়োগে খুব বেশি সময় নিল না সেভিয়া। লা লিগার ক্লাবটির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলির হাতে।
ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সাম্পাওলিকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সেভিয়া। ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৬২ বছর বয়সী এই কোচ।
সাম্পাওলিকে নিয়োগের কয়েক ঘণ্টা আগে লোপেতেগিকে বরখাস্ত করে সেভিয়া। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-১ গোলে হারের পর প্রথমে লোপেতেগি নিজেই নিশ্চিত করেন, তার ক্লাব ছাড়ার বিষয়টি।
ফরাসি ক্লাব মার্সেইয়ের দলবদল প্রক্রিয়া নিয়ে অসন্তোষের জের ধরে গত জুলাইয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাম্পাওলি। গত মৌসুমে তার কোচিংয়েই লিগ ওয়ানে রানার্সআপ হয় দলটি এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো সেভিলার ডাগআউটে দেখা যাবে সাম্পাওলিকে। ২০১৫ সালে চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ প্রথম মেয়াদে স্প্যানিশ ক্লাবটির দায়িত্বে ছিলেন ২০১৬-১৭ মৌসুমে। সেবার লা লিগায় চতুর্থ হওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে।
এবার বেশ কঠিন সময়ে সেভিয়ার দায়িত্ব পেলেন সাম্পাওলি। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে কেবল একটি ম্যাচ জিততে পেরেছে ক্লাবটি। লা লিগায় ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে স্থানে। ২০০১ সালে স্পেনের শীর্ষ লিগে ফেরার পর এটাই লিগে তাদের সবচেয়ে বাজে শুরু।
দলের বাজে ফর্মের কারণে ক্ষুদ্ধ সমর্থকদের তোপের মুখে আছে ক্লাবটির বোর্ড। গত মৌসুমে লা লিগায় চারে থেকে শেষ করলেও মৌসুমের একটা লম্বা সময় পর্যন্ত চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে শিরোপা লড়াইয়ে ছিল সেভিয়া। ফলে দল নিয়ে ভক্তদের প্রত্যাশা এবার বেড়েছে। কিন্তু এর প্রতিফলন না দেখতে পাওয়ায় ডর্টমুন্ড ম্যাচের পর বোর্ডের পদত্যাগ করা উচিত বলে সমর্থকরা মাঠে স্লোগান দেয়।
সাম্পাওলির হাত ধরে পথে ফেরার আশা করছে সেভিয়া। নতুন অভিযানে তার প্রথম ম্যাচ আগামী শনিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে, লা লিগায়।
