২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবকিছুই ভালো করে কাররেরাস’

এই মৌসুমে দলে যোগ দিয়েই দুর্দান্ত পারফর্ম করতে থাকা লেফট-ব্যাককে নিয়ে উচ্ছ্বসিত রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 11:55 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

পাদপ্রদীপের আলো সবসময় থাকে কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যামদের ওপর। তবে আড়ালে নিজের কাজটা দারুণভাবে করে যাচ্ছেন আলভারো কাররেরাস। চলতি মৌসুমে রেয়াল মাদ্রিদের ‘আনসাং হিরো’ বলা যায় এই লেফট-ব্যাককে। এমন একজন ফুটবলারকে দলে পেয়ে উচ্ছ্বসিত রেয়াল মাদ্রিদের কোচ শাবি আলোন্সো।

আলোন্সোর আগ্রহেই বেনফিকা থেকে ৫ কোটি ইউরোতে এবার কাররেরাসকে এনেছে রেয়াল মাদ্রিদ। এই মৌসুমে দলের নতুন সংযোজনদের মধ্যে নিঃসন্দেহে সেরা তিনিই। খুব দ্রুতই একাদশে জায়গা করে নিয়েছেন, হয়ে উঠেছেন অবিচ্ছেদ্য অংশ। 

রক্ষণে যেমন তিনি দুর্দান্ত, তেমনি আক্রমণেও রাখছেন বড় ভূমিকা। বিচরণ করছেন মাঠময়। লেফট-ব্যাক পজিশন নিয়ে রেয়ালের কয়েক মৌসুমের দুর্ভাবনা দূর হয়েছে তাকে দিয়ে। অনেকেই মনে করছেন, মার্সেলোর শূন্যতা পূরণ করবেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

কাররেরাসের ছুটে চলার আরেকটি প্রমাণ ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি। শনিবার দলের ৪-০ গোলের জয়ে ম্যাচজুড়ে দারুণ খেলার পাশাপাশি দুর্দান্ত একটি গোলও করেন তিনি গোলার মতো শটে।

ম্যাচের পর তার স্তুতিতে কমতি রাখলেন না কোচ আলোন্সো। 

“সে দারুণ লড়িয়ে। সবকিছুই খুব ভালো করে সে। বল দখলের লড়াইয়ে সে শক্তিশালী, জানে কীভাবে সঠিক বিকল্প বেছে নিতে হয়। এমনকি বল যখন নাগালের বাইরে, তখনও তার মনোযোগ থাকে তীব্র। তাকে আমাদের সঙ্গে পাওয়া দলের জন্য দারুণ।”

আলোন্সো খুশি ফেদে ভালভের্দের খেলায়ও। এমনিতে দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার হলেও চলতি মৌসুমে একটু বিবর্ণ ছিলেন তিনি। তবে ক্রমেই ফিরছেন আপন রূপে। দানি কার্ভাহাল, টেন্ট্র অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডদের চোটের কারণে এই মিডফিল্ডারকে এখন রাইট-ব্যাক হিসেবে খেলাচ্ছেন কোচ। ভালেন্সিয়ার বিপক্ষে তার পারফরম্যান্স স্বস্তি দিয়েছে কোচকে।

“আমরা সবাই দেখতে পাচ্ছি তার মান, কতটা পরিপূর্ণ ফুটবলার সে। বল পায়ে পেলে তার ভেতরের মিডফিল্ডার সত্ত্বা জেগে ওঠে, তবে শারীরিকভাবেও সে শক্তিশালী। এই পজিশনে (রাইট-ব্যাক) খেলা শুরুর পর থেকে সে ক্রমে উন্নতি করছে, এই পজিশনে স্বাভাবিক হতে শুরু করেছে এবং সে পরিপূর্ণ ফুটবলার। দলের প্রয়োজনে সে এই পজিশনে খেলছে এবং ভালো খেলছে।”