২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানেই ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ

নতুন সূচিতে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর হবে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 06:03 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

রাজনৈতিক অস্থিরতার মাঝে বাংলাদেশে আসবে না ভুটান দল, তা একরকম নিশ্চিতই ছিল। সেটাই হলো। এতে বদলে গেল বাংলাদেশ ও ভুটানের ম্যাচের সূচি ও ভেন্যু। পরিবর্তিত সূচিতে ভুটানেই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে ভুটান জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশে জাতীয় দলের ম্যাচ দুটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ম্যাচ দুটি খেলতে আগামী ৩০ অগাস্ট দেশ ছাড়বে বাংলাদেশ দল।

ফিফা উইন্ডোতে ২ ও ১০ সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এখন বদলে গেল সূচি। সঙ্গে বাংলাদেশে হচ্ছে না কোনো ম্যাচ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর দেশে তৈরি হয়েছে অস্থির পরিবেশ। বাফুফেও আছে অস্থিতিশীল পরিস্থিতিতে।