১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পিএসজির ব্যথা আড়াল করে দোন্নারুম্মার সিটির হাসি

পিএসজিতেই থাকতে চেয়েছিলেন জানলুইজি দোন্নারুম্মা, তবে বর্ষসেরা গোলকিপার ম্যানচেস্টার সিটিকেও আলিঙ্গন করে নিয়েছেন দারুণভাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 01:59 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সেরার ট্রফি হাতে থাকলে তৃপ্তির ছবিই ফুটে ওঠে চেহারায়। তবে জানলুইজি দোন্নারুম্মার কণ্ঠে আক্ষেপের সুরও ভেসে উঠল। যে ক্লাবের হয়ে খেলে তিনি সেরা হয়েছেন, আপন হয়ে ওঠা সেই আশ্রয় যে ছাড়তে বাধ্য হয়েছেন আচমকাই! পরমুহূর্তেই অবশ্য তিনি হাসিতে ঝলমল হয়ে উঠলেন নতুন ঠিকানার নতুন সম্ভাবনার হাতছানিতে।

পিএসজির হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন দোন্নারুম্মা। ব্যালন দ’র পুরস্কারের আয়োজনে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি জিতে নিয়েছেন তিনি। গত মৌসুমে পিএসজির ঐতিহাসিক ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল ইতালিয়ান এই গোলকিপারের। 

প্যারিসের ক্লাবটিতে চার বছরের পথচলায় চারটি ফরাসি লিগসহ মোট ১০টি ট্রফি জিতেছেন তিনি। তার পরও এই মৌসুমে তিনি হয়ে ওঠেন ব্রাত্য। কারণ কোচ লুইস এনরিকে দলে চান ভিন্ন ঘরানার গোলকিপার। হতাশ ও হতভম্ব দোন্নারুম্মা দলবদলের শেষ সময়ে পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে।

যেভাবে পিএসজি ছাড়তে হলো, এ নিয়ে আক্ষেপের কথা আগেও বলেছেন দোন্নারুম্মা। ইয়াশিন ট্রফি জয়ের পর আবার তাকে জিজ্ঞেস করা হলো, পিএসজিতেই থাকতে চেয়েছিলেন কি না। ২৬ বছর বয়সী গোলকিপার অকপটেই জানালেন মনের কথা। 

“হ্যাঁ (থাকতে চেয়েছিলাম)… যখন এত ইতিবাচক কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, দারুণ সব বন্ধুর সঙ্গে এত এত আনন্দময় সময় কাটাচ্ছি, এরপর ব্যাপারটি (ক্লাব ছাড়তে হওয়া) খুবই কঠিন।”

“পরিবর্তন সবসময়ই কঠিন। পিএসজিতে ভিত আমি খুঁজে পেয়েছিলাম, সত্যিকার অর্থেই অসাধারণ সমর্থক, দুর্দান্ত সব ফুটবলার, স্টাফরা, কোচ, ক্রীড়া পরিচালক, ক্লাব সভাপতি… সবই ছিল দারুণ। এজন্যই আমি সেখানে থাকতে চেয়েছিলাম।”

তবে সেই আফসোসের আঁধারেই তিনি বন্দি নন। ম্যানচেস্টার সিটির আলোয় নতুন রোমাঞ্চ নিয়ে তিনি তাকিয়ে সামনে।

“তবে এটাও সত্যি, আরেকটি অসাধারণ ক্লাব আমি খুঁজে পেয়েছি। এখানেও দুর্দান্ত সব ফুটবলার আছে এবং তারা আমাকে বিশাল এক পরিবারের মতোই স্বাগত জানিয়েছে। আমার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ।”

পাঁচ বছরের চুক্তিতে পেপ গুয়ার্দিওলার দলে যোগ দিয়েছেন দোন্নারুম্মা। নতুন ক্লাবের হয়ে শুরুটা বেশ ভালো করেছেন তিনি।