১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ গোলে পিছিয়ে শেষের ৩ গোলে জিতল বায়ার্ন

ফ্রেইবুর্কের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল ভেঁসো কম্পানির দল।

২ গোলে পিছিয়ে শেষের ৩ গোলে জিতল বায়ার্ন
বায়ার্ন মিউনিখের প্রথম দুটি গোল করেন টম বিশফ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 10:33 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না ফ্রেইবুর্ক। শেষের তিন গোলে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয় পেল বায়ার্ন মিউনিখ। শিরোপাধারীরা শেষ দুটি গোল করে যোগ করা সময়ে।

বুন্ডেসলিগার ম‍্যাচে শনিবার ৩-২ গোলে জিতেছে ভেঁসো কম্পানির দল।

রোমাঞ্চকর ম‍্যাচে পাঁচটি গোলই হয় ম‍্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৬তম মিনিটে ইয়োহান মানজাম্বির গোলে এগিয়ে যায় ফ্রেইবুর্ক। ৭১তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন লুকাস উলার।

৮০তম মিনিট পর্যন্ত ২-০ ব‍্যবধানে এগিয়ে ছিল ফ্রেইবুর্ক।

৮১তম মিনিটে ব‍্যবধান কমান টম বিশফ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তিনিই দলকে ফেরান সমতায়।

নাটকীয়তার বাকি তখনও। নবম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন লেননার্ট কার্ল। তার গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কম্পানির দল।

২৮ ম‍্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। এক ম‍্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৬১ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

আগামী মঙ্গলবার চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রেয়াল মাদ্রিদের মাঠে খেলবে বায়ার্ন। তার আগে গোলের জন‍্য সবচেয়ে বড় ভরসা হ‍্যারি কেইনকে ছাড়াই রোমাঞ্চকর এক জয় পেল তারা।