২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার পরিকল্পনা অনুমোদন পেলে বিশ্বকাপ বয়কট করবে উয়েফা

উয়েফার ৫৫টি সদস‍্য সংস্থা বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্ট বয়কটের পক্ষে ভোট দিয়েছে।

ফিফার পরিকল্পনা অনুমোদন পেলে বিশ্বকাপ বয়কট করবে উয়েফা
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 10:46 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বাইরের বিনিয়োগকারীদের কাছে ফিফার শেয়ার বিক্রির পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা- উয়েফা। ওই প্রস্তাব অনুমোদন পেলে তাদের ৫৫টি সদস‍্য সংস্থা বিশ্বকাপ বয়কটের পক্ষে ভোট দিয়েছে।  

ফিফার প্রস্তাব সামনে আসার পর এ নিয়ে আলোচনার জন‍্য জরুরি সভা ডাকে উয়েফা। সেখানে শেয়ার বিক্রির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে সদস‍্য সংস্থাগুলো।

ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবে ক্ষুব্ধ উয়েফা আগামী দিনে পুরুষ ও নারীদের বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কট করার কথা বলেছে। এর শুরুটা হতে পারে আগামী অক্টোবরে, নারী বিশ্বকাপের প্লে-অফ দিয়ে।

সভার পর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উয়েফা বলেছে, এর ৫৫ সদস‍্য ‘একতাবদ্ধ’ রয়েছে।

“আমরা সর্বসম্মতিক্রমে ও স্পষ্টভাবে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার মালিকানা স্বত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করার ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করছি।

“বিশ্বকাপকে বিনিয়োগের কোনো পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না। এটি ফুটবলের শ্রেষ্ঠ ক্রীড়া ঐতিহ্যের একটি। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিটি মহাদেশের খেলোয়াড়, জাতীয় দল ও সমর্থকদের দ্বারা এটি গড়ে উঠেছে। এর কোনো অংশ কখনও বাইরের বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।”

বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহায়ক সংস্থা তৈরি করার পরিকল্পনা করছে ফিফা। এর শেয়ার কিনতে পারবে বাইরের বিনিয়োগকারীরা।

ফিফার ২১১ সদস‍্য সংস্থার কাছে একটি বার্তা দিয়েছেন ইনফান্তিনো। সেখানে তিনি বলেছেন, বড় প্রতিযোগিতার শেয়ার বিক্রির তার এই পরিকল্পনা অনুমোদন পেলে প্রত‍্যেক সংস্থা ৪ কোটি ডলার পাবে। প্রাথমিকভাবে ২ কোটি ডলার পেতে ১৯ সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছেন ফিফা প্রধান।

এর জবাবে বুধবার উয়েফা অভিযোগ করে বলেছে, ফিফা নিজেদের এবং তাদের বন্ধুদের ধনী করতে ফুটবলকে ব‍্যবহার করছে