২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন প্রিমিয়ার লিগে খেললে সৌদি লিগের মতোই গোল করতাম: রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোর মতো, পর্তুগিজ লিগের চেয়ে অনেক অনেক এগিয়ে সৌদি লিগ, এমনকি সৌদি লিগের তুলনায় স্পেনে গোল করাও সহজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 12:21 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

বয়স যত বাড়ছে, ক্রিস্তিয়ানো রোনালদোর গোলের রথ ততই গতিময়তায় ছুটছে। তবে বাঁকা চোখে দেখার লোকেরও তো অভাব নেই। গোল তো করছেন সৌদি লিগে! তাদের জন্যই রোনালদোর জবাব, এই ৪০ বছর বয়সে প্রিমিয়ার লিগের শীর্ষ কোনো ক্লাবে খেললেও একই পরিমাণ গোল তিনি করতেন।

ম্যানচেস্টার ইউনাইটেডে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ দ্বিতীয় অধ্যায় কাটিয়ে ২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্লাব আল নাস্‌রে যোগ দেন রোনালদো। এরপর গত দুই মৌসুমেই তিনি ছিলেন লিগের সর্বোচ্চ গোলস্কোরার। চলতি মৌসুমেও সাত ম্যাচে আট গোল তিনি করে ফেলেছেন লিগে।

পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদোর দাবি, ইংলিশ প্রিমিয়ার লিগে খেললেও এমন পারফরম্যান্স দেখাতেন তিনি।

“যত বছর যাচ্ছে, আমি আরও বেশি গোল করছি। এমনকি বাজে বছরেও (আল নাস্‌রের ট্রফিবিহীন মৌসুম) আমি ২৫ গোল করেছি। যদি এখন প্রিমিয়ার লিগে খেলতাম, শীর্ষ কোনো দলে, সেখানেও একই পরিমাণ গোল করতাম। এই ৪০ বছর বয়সেও একই পরিমাণ গোল করতাম।”

আগে নানা সময় রোনালদো বলেছেন, সৌদি লিগের মান কতটা উঁচু এবং ইউরোপের অনেক প্রতিষ্ঠিত লিগের চেয়ে কতটা এগিয়ে এই লিগ। সেই দাবি করলেন আবারও। 

“আমার কিছু বলার প্রয়োজন নেই, কারণ তারা যা ইচ্ছা বলতে পারে, তবে পরিসংখ্যান আছে, পরিসংখ্যান মিথ্যা বলে না।”

“তারা সৌদি লিগ নিয়ে নানা কথা বলে, কিন্তু তারা কখনও এখানে ছিল না, কখনও এখানে খেলেনি। তারা জানে না, ৪০ ডিগ্রিতে (তাপমাত্রায়) ছুটতে কেমন লাগে। তারা জানে না। আমি আবারও বলব, পর্তুগিজ লিগের চেয়ে সৌদি লিগ অনেক অনেক ভালো। ফরাসি লিগে শুধু পিএসজিই আছে (ভালো দল)। প্রিমিয়ার লিগ তো অবশ্যই ভালো, এক নম্বর।”

পর্তুগিজ লিগ দিয়ে শুরুর পর বিশ্বের শীর্ষ তিন লিগে শীর্ষ মানের তিন ক্লাবে খেলেছেন রোনালদো। সৌদি লিগকে মূল্যায়ন করছেন তিনি সেই অভিজ্ঞতা থেকেই। 

“অন্য ফুটবলারদের জিজ্ঞেস করে দেখুন, এই লিগ ভালো কি না। আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। আমাকে জিজ্ঞেস করা সহজ, কারণ আমি সবসময় বলছি। তারা বলবে, ‘ওহ, ক্রিস্তিয়ানো এসব বলছে, কারণ সে সৌদিতে খেলে।’ কিন্তু আমি তো সব জায়গায় খেলেছি, সব জায়গায়। আমার মতে, সৌদিতে গোল করার চেয়ে স্পেনে গোল করা সহজ।”

প্রতিনিয়ত শিখতে চাওয়া ও নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাতেই তিনি এখনও এতটা অপ্রতিরোধ্য, বললেন রোনালদো। 

“সময়ের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে শিখতে হয়। সবসময়ই উন্নতির সুযোগ আছে এবং সেটিই পার্থক্য গড়ে দেয়, এমনকি আমার বয়সেও। এখানেই অনেক ফুটবলার ভুল করে। তারা মনে করে, তারা সব জানে এবং আর শিখতে চায় না। একটা বয়সের পর তাদের গতি কমে যায়। কিন্তু আমি শিখতেই থাকি। এজন্যই তো ৩০ বছর বয়সের পর বেশি গোল করেছি।”