১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের আগে পিএসজির জন্য বড় ধাক্কা

ঊরুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আশরাফ হাকিমি।

বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের আগে পিএসজির জন্য বড় ধাক্কা
আশরাফ হাকিমি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 02:19 AM

Updated : 26 Aug 2026, 03:31 PM

চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয়ের আনন্দের মাঝে একটি দুঃসংবাদও শুনতে হয়েছে পিএসজিকে। ঊরুর চোটে ফিরতি লেগে খেলতে পারবেন না আশরাফ হাকিমি।

প্যারিসে মঙ্গলবার পিএসজির ৫-৪ গোলে জয়ের ম্যাচের একপর্যায়ে ডান ঊরু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন হাকিমি। ওই ম্যাচে একটি অ্যাসিস্ট করেন তিনি।

মরক্কোর ২৭ বছর বয়সী এই রাইট-ব্যাককে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি ক্লাবটি।

এ দিন সকালে অনুশীলনের সময় গোলরক্ষক লুকাহ শুভালিয়েও ঊরুতে চোট পেয়েছেন বলে জানিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। তাকেও আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ক্লাবের হয়ে তিনি সবশেষ খেলেছেন গত জানুয়ারিতে। 

আগামী বুধবার বায়ার্নের মাঠে ফিরতি লেগ খেলবে পিএসজি। তার আগে শনিবার ঘরোয়া লিগে লরিয়ঁর মুখোমুখি হবে লুইস এনরিকের দল।