২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ ম্যাচের ভরাডুবি ভুলে দলকে সামনে তাকাতে বললেন রেয়াল মাদ্রিদ কোচ

লম্বা ভ্রমণের ক্লান্তি সইয়ে চ‍্যাম্পিয়ন্স লিগে দলকে জয়ের দিকে মনোযোগ দিতে বললেন শাবি আলোন্সো।

লিগ ম্যাচের ভরাডুবি ভুলে দলকে সামনে তাকাতে বললেন রেয়াল মাদ্রিদ কোচ
রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় বড় হারের ধাক্কা ভুলে দলকে চ‍্যাম্পিয়ন্স লিগে মনোযোগ দিতে বললেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। লম্বা পথ পাড়ি দিয়ে ইউরোপের সফলতম দলটি খেলবে কাজাখস্তানের এফসি কয়রাত আলমাতির মাঠে। 

লা লিগায় নিজেদের সবশেষ ম‍্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৫-২ গোলে হেরেছে রেয়াল। মঙ্গলবার তারা চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে খেলবে আলমাতির বিপক্ষে। 

মাদ্রিদ থেকে ৬ হাজার ৪৪১ কিলোমিটার দূরে খেলতে গেছে রেয়াল, যেটি চ‍্যাম্পিয়ন্স লিগ আয়োজন করা সবচেয়ে দূরের পূর্বাঞ্চলীয় শহর। 

১৫ বারের চ‍্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী রেয়ালের বিপক্ষে ম‍্যাচ আয়োজনের সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত কয়রাত শহর। স্থানীয় গণমাধ‍্যম কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সম্মেলন কক্ষে সোমবার কথা বলেন আলোন্সো।  

বিরল মুহূর্ত স্মরণীয় করে রাখতে উন্মুখ স্বাগতিকরা। কিন্তু ২০২৪ সালের জানুয়ারির পর আতলেতিকোর বিপক্ষে প্রথম হার এবং নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৭৫ বছরের মধ‍্যে প্রথমবার পাঁচ গোল হজমের তেতো স্মৃতি নিয়ে খেলতে এসেছে রেয়াল। 

স্বাভাবিকভাবেই সেই হারের প্রসঙ্গ এলো সংবাদ সম্মেলনে। আলোন্সো দিলেন এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা। 

“আমি মনে করি জয় ও পরাজয় দুটোরই অনুভূতি থাকা উচিত ২৪ ঘণ্টা। এরপর বিশ্লেষণ করতে হবে। এটা কেবল মনোভাবের ব‍্যাপার নয়, গতি ও ট‍্যাকটিকসেরও ব‍্যাপার- ম‍্যাচ সংশ্লিষ্ট বিষয়গুলো। আমরা বিশ্লেষণ করেছি এবং সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব।”   

দুই সপ্তাহ আগে মার্সেইয়ের বিপক্ষে ২-১ ব‍্যবধানের জয় দিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগে পথচলা শুরু করেছে রেয়াল।  

চ‍্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে প্রতিপক্ষদের নাম জানার পর এক প্রশ্নের উত্তরে আলোন্সো বলেছিলেন, আলমাতির মাঠে খেলা কঠিন হতে পারে তার দলের জন‍্য। খেলোয়াড়রা কীভাবে এই চ‍্যালেঞ্জ সামাল দেয়, তা দেখার জন‍্য উন্মুখ ছিলেন। সেই সময় চলে এসেছে।

“এটা কেবলই আরেকটি ম‍্যাচ, (লম্বা ভ্রমণ) কোনো অজুহাত নয়। প্রতিপক্ষ কে বা কোথায় আমরা খেলছি, তা কোনো ব‍্যাপার নয়- আমরা চাই জয়।”

মৌসুমে প্রথম হারে টলে যাচ্ছেন না আলোন্মো। স্পেনের সাবেক এই মিডফিল্ডার নিশ্চিত, ভালোভাবে ঘুরে দাঁড়াবে তার দল।

“কখনও কখনও এক পা এগোতে, দুই পা পেছাতে হয়। এটা বেদনাদায়ক তবে আমরা চ‍্যাম্পিয়ন্স লিগ মুডে চলে এসেছি।”

“(আতলেতিকোর বিপক্ষে) আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। এটা শেখার প্রক্রিয়ার অংশ। এটা বেদনাদায়ক, তবে আমরা ভাবছি আগামীকালকের করণীয় নিয়ে। আমরা পয়েন্ট হারাতে চাই না। সবচেয়ে ভালোভাবে যে মানিয়ে নিতে পারে, সেই সবচেয়ে স্মার্ট। ভালো শুরু গুরুত্বপূর্ণ। আমরা প্রতিপক্ষের মাঠে পয়েন্ট চাই।”