২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ামালকে নিয়ে ফ্লিকের অভিযোগ পাত্তা দিচ্ছেন না স্পেন কোচ

লুইস দে লা ফুয়েন্তের মন্তব্য শুনে কিছুটা যেন বিরক্তি ঝরল বার্সেলোনা কোচের কণ্ঠে।

ইয়ামালকে নিয়ে ফ্লিকের অভিযোগ পাত্তা দিচ্ছেন না স্পেন কোচ
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে লামিনে ইয়ামাল (বাঁয়ে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 03:55 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে লামিনে ইয়ামালের চোট নিয়ে ক্লাবে ফেরা এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের অভিযোগ ঘিরে বেশ আলোচনার জন্ম হয়। স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য পুরনো বিতর্কে জড়াতেই চাইলেন না। বলে দিলেন, ফ্লিকের অভিযোগ তার স্মরণে নেই এবং এ বিষয়ে কথা বলতে আগ্রহীও নন তিনি।

চলতি মাসের প্রথমার্ধে স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলে যোগ দেন ইয়ামাল। বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে ৭৯ মিনিট ও তুরস্কের বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে ৭৩ মিনিট খেলেন এই তারকা ফুটবলার।

জাতীয় দল থেকে কুঁচকির চোট নিয়ে ফেরেন ইয়ামাল এবং সেই কারণে এখনও বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি দলটির আক্রমণভাগের খুব গুরুত্বপূর্ণ এই সদস্য। এই সময়ে তিনি ক্লাবের হয়ে খেলতে পারেননি ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে।

ইয়ামালের চোট ধরা পড়ার পরই বার্সেলোনা কোচ অভিযোগ করেন, তরুণ এই ফুটবলারের ঠিকমতো যত্ন নেওয়া হয়নি জাতীয় দলে। বৃহস্পতিবার ওই বিষয়েই দে লা ফুয়েন্তের মন্তব্য জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, “এই মুহূর্তে আমার মনে নেই ফ্লিক কী বলেছিলেন।”

“বিষয়টি নিয়ে আমি খু্ব একটা আগ্রহীও নই।”

বার্সেলোনার পক্ষ থেকে তখন দাবি করা হয়েছিল, চোট শঙ্কা নিয়েই জাতীয় দলে যোগ দিয়েছিলেন ইয়ামাল। শুরুতে নাকি দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি তিনি। পরে তাকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে ম্যাচ খেলানো হয়।

ইয়ামালকে নিয়ে স্পেন কোচের সঙ্গে কথা হয়েছে কিনা, এই প্রশ্নে তখন ফ্লিক বলেছিলেন, “তার সঙ্গে কখনও কথা বলিনি আমি, আমাদের কেবল বার্তা আদানপ্রদান হয়। আমার স্প্যানিশ খুব একটা ভালো নয়, তার ইংরেজিও ভালো নয়।”

“তবে যোগাযোগটা আরও ভালো হতে পারত। তাছাড়া আমাদের কেবল একজন নয়, আরও অনেক খেলোয়াড় আছে। আমিও এই পরিস্থিতিতে পড়েছি, কারণ আমিও জাতীয় দলের কোচ ছিলাম। কিন্তু ক্লাব ও ফুটবল ফেডারেশনের মধ্যে যোগাযোগটা ভালো হতে হবে।”

ওবিয়েদোর বিপক্ষে বৃহস্পতিবার রাতে ৩-১ গোলে জয়ের পর দে লা ফুয়েন্তের সবশেষ মন্তব্য জানিয়ে ফ্লিকের অভিমত জানতে চাওয়া হয়। জবাবে বার্সেলোনা কোচ যেন একটু বিরক্তি প্রকাশ করেন।

“ঠিক আছে। তিনি যদি এমনটা বলে থাকেন, এটা তার মতামত।” 

চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার প্রথম তিন ম্যাচে খেলে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।

নিউক্যাসলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করা বার্সেলোনা লা লিগায় ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রেয়াল মাদ্রিদ।