২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের শিরোপা সম্ভাবনা নিয়ে এখনই ভাবতে চান না স্লট

অ্যানফিল্ডের দলটির কোচের মতে, শিরোপা সম্ভাবনা নিয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য অন্তত মৌসুমের অর্ধেকটা পার হওয়া প্রয়োজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 07:10 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখে এগিয়ে চলছে লিভারপুল। তবে এই অবস্থান বদলে যেতে পারে যেকোনো সময়, ভালো করেই জানা আর্না স্লটের। তাই মৌসুমের এই সময়ে শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে ভাবতে চান না অ্যানফিল্ডের দলটির কোচ।

প্রতিকূল আবহাওয়ার কারণে এভারটনের বিপক্ষে লিভারপুলের ম্যাচ স্থগিত হয়ে যায়। তাই মৌসুমে অন্যদের তুলনায় এখন একটি ম্যাচ বেশি বাকি রয়েছে তাদের। ১৫ ম্যাচে দলটির পয়েন্ট ৩৬।

১৬ ম্যাচ খেলে টেবিলে দ্বিতীয় স্থানে থাকা চেলসির সঙ্গে লিভারপুলের পয়েন্টের পার্থক্য কেবল দুই। ৩০ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। চারে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ২৮। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে পাঁচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

এখনও মৌসুমের অর্ধেকটা পার হয়নি। সামনের ম্যাচগুলোয় ঘুরে যেতে পারে দলগুলোর ভাগ্যের চাকা। তাই এই সময়ে শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যৌক্তিক মনে করছেন না স্লট। 

লিগে শীর্ষস্থান আরও মজবুত করার লক্ষ্যে রোববার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচকে সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে শিরোপার সম্ভাবনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন স্লট।

“১৯ ম্যাচের পর পয়েন্ট টেবিল বিচার করুন, কারণ তখন সবাই প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে খেলে ফেলবে। সম্ভবত ভাগ্য কিছুটা আমাদের সহায় ছিল। যেমন, মৌসুমের শুরুতে আর্সেনাল অনেক লাল কার্ড পেয়েছিল, যে কারণে তারা পয়েন্ট হারিয়েছিল। আমরা সবশেষ ম্যাচে লাল কার্ড পেয়েছি এবং পয়েন্ট হারিয়েছি।”

“এখন আমরা টটেনহ্যামের মাঠে খেলব, মৌসুমের শুরুতে আর্সেনাল সেখানে খেলে ফেলেছে, চেলসিও এরই মধ্যে সেখানে খেলেছে। মৌসুমের কোন পর্যায়ে কোথায় ছিলেন সেদিকে তাকানোর দরকার নেই, মৌসুম শেষে কোথায় আছেন সেটাই আসল।”