আনচেলত্তির ৭ বছর আগের কথা টেনে পাল্টা তীর ছুঁড়লেন সিমেওনে
মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী ক্লাবের কোচ ও খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই জমে উঠেছে।
লা লিগার শিরোপা দৌড়ে এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে মাদ্রিদের দুই দল। সেই লড়াইয়ে বাড়তি উত্তেজনা ছড়াচ্ছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে। রেয়াল মাদ্রিদের সমালোচনা করতে গিয়ে সিমেওনে বোঝানোর চেষ্টা করলেন, মাঠে তাদের নগর প্রতিদ্বন্দ্বীরা সবসময়ই ‘বাড়তি সুবিধাভোগ’ করে।
গত সপ্তাহে কোপা দেল রের শেষ ষোলোয় সেল্তা ভিগোর বিপক্ষে ১২০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ৫-২ গোলে জয় পায় রেয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ের ওই ম্যাচে সফরকারী দলকে একটি ‘নিশ্চিত’ পেনাল্টি দেওয়া হয়নি বলে আলোচনা চলছে। ওই বিষয়ে সিমেওনের মত জানতে চাওয়া হলে তিনি বলেন, রেফারির সিদ্ধান্ত ১০০ বছর ধরেই রেয়ালের পক্ষে যাচ্ছে।
তার ওই মন্তব্যের জবাবে এই সপ্তাহান্তে রেয়াল কোচ কার্লো আনচেলত্তি পাল্টা তীর ছোড়েন। বলেন, কিছু ‘কাঁটা’ হয়তো এখনও সিমেওনেকে আঘাত করে। একই প্রসঙ্গে রেয়ালের মিডফিল্ডার দানি সেবাইয়োস আরও সরাসরি খোঁচা মারেন, “২০১৩ (আসলে ২০১৪) ও ২০১৬ সালের (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে রেয়ালের বিপক্ষে হারের কষ্ট হয়তো তারা এখনও ভুলতে পারেনি।”
২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়ের খুব কাছে ছিল আতলেতিকো। নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। তবে, যোগ করা সময়ে সমতা টানার পর, অতিরিক্ত সময়ে আরও তিন গোল করে ৪-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় আনচেলত্তির রেয়াল। আর এক মৌসুম পরের আরেকটি ‘অল মাদ্রিদ’ ফাইনালে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ওই সময়ের জিনেদিন জিদানের রেয়াল।
সেই থেকে রেয়াল আরও পাঁচবার ইউরোপ সেরা হয়েছে। কিন্তু অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা অপূর্ণই রয়ে গেছে আতলেতিকো মাদ্রিদের।
আনচেলত্তি ও সেবাইয়োসের অমন মন্তব্য আতলেতিকোর কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই। সিমেওনেও পাল্টা তীর ছুঁড়লেন, এবারও আরও ধারাল। দুই প্রতিপক্ষকে তাদের স্মৃতি রোমন্থন করতে বললেন, যখন তারা বায়ার্ন মিউনিখে ছিলেন।
“আমি আমার সহকর্মীদের মন্তব্যে কখনও পাল্টা মন্তব্য করি না। আমি কেবল আমার স্মৃতি রোমন্থন করছি। তারা এখন যে দলে আছে, সেই দলের পক্ষে কথা বলছে, এটাই স্বাভাবিক। তারা ভালোও করছে। অসাধারণ এক দল তারা। তবে, তারা যখন অন্য দলে ছিল, তখন তাদের অভিমত ভিন্ন ছিল।”
২০১৬-১৭ মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন আনচেলত্তি। ওই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে রেয়ালের বিপক্ষে হারের পর এই ইতালিয়ান কোচ কী বলেছিলেন, তাকে সেটা স্মরণ করতে বললেন সিমেওনে।
আনচেলত্তি ওই ফলকে ‘অবিচার’ এবং ‘স্বাভাবিক কিছু ছিল না’ বলে মন্তব্য করেছিলেন। বের্নাবেউয়ে অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচ ৪-২ গোলে জিতেছিল রেয়াল। পরে আসরের চ্যাম্পিয়নও হয়েছিল তারা।
“পেছন ফিরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেয়াল মাদ্রিদের ওই ম্যাচে দৃষ্টি দিলে দেখা যায়, মাঠে যা হয়েছিল কোচের (আনচেলত্তি) মন্তব্যগুলো সেটাকেই বোঝাচ্ছে।”
নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে আছে আতলেতিকো। প্রথম ছয় রাউন্ডে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা। আর তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।
পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে প্লে-অফের লড়াইয়ে বিজয়ী আট দল পাবে পরের ধাপের বাকি আটটি টিকেট।
আসরে পরের ম্যাচে মঙ্গলবার বায়ার লেভারকুজেনের বিপক্ষে খেলবে আতলেতিকো। আর বুধবার রেয়াল মুখোমুখি হবে সালসবুর্কের।
