১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদকে হারিয়েও গুয়ার্দিওলার অতৃপ্তি যেখানে

চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে যেতে হলে খেলায় আরও উন্নতির প্রয়োজন দেখছেন পেপ গুয়ার্দিওলা।

রেয়াল মাদ্রিদকে হারিয়েও গুয়ার্দিওলার অতৃপ্তি যেখানে
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ব্যর্থতার জাল ছিঁড়ে বের হতে মরিয়া রেয়াল মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও খেলোয়াড়রা যে দৃঢ়তা ও প্রত্যয় দেখিয়েছে, তাতে ভীষণ খুশি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। সান্তিয়াগো বের্নাবেউয়ে জয় পেলেও দলের খেলায় অবশ্য সন্তুষ্ট নন তিনি। তাই, চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে যেতে হলে খেলায় অনেক উন্নতির প্রয়োজন দেখছেন এই স্প্যানিশ কোচ।

ইউরোপ সেরার মঞ্চে বুধবার রাতে ২-১ গোলে জিতেছে সিটি। রদ্রিগোর গোলে পিছিয়ে পড়ার পর, নিকো ও’রাইলির গোলে সমতায় ফেরে সফরকারীরা। এরপর, স্পট কিকে জয়সূচক গোল করেন আর্লিং হলান্ড। 

শুরুতে ঠিক ছন্দে ছিল না সিটি। দ্বিতীয় মিনিটেই হজম করতে বসেছিল পেনাল্টি। ভিনিসিউস জুনিয়র ডি-বক্সের সামান্য বাইরে ফাউলের শিকার হওয়ায় রেয়াল পায় ফ্রি কিক। 

প্রথম ৩০ মিনিটে রেয়ালের আক্রমণগুলো ছিল ধারাল। ডান প্রান্ত দিয়ে ভীতি ছড়াচ্ছিলেন রদ্রিগো। বাম প্রান্তে সুযোগ পাচ্ছিলেন ভিনিসিউস। ম্যাচ শেষে গুয়ার্দিওলা স্বীকার করেছেন, শুরুর সময়টায় তারা ছিলেন দ্বিতীয় সেরা দল। পরে ঘুরে দাঁড়ানোয় খেলোয়াড়দের প্রশংসা করলেন তিনি। 

“এখানে আমরা কয়েকবার এসেছি এবং আজকের চেয়ে অনেক, অনেক ভালো খেলেছি; কিন্তু জিততে পারিনি। নিকো গোল করার আগ পর্যন্ত, প্রথম ২৫ মিনিট ওরা আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আমি এই ফল নিচ্ছি, কিন্তু আমি জানি, আমাদের আরও ভালো খেলতে হবে। যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আগামী ফেব্রুয়ারি-মার্চে আজকের চেয়ে উঁচু মানের ফুটবলের প্রয়োজন পড়বে।” 

এগিয়ে যাওয়ার পর রক্ষণে দারুণ দৃঢ়তা দেখায় সিটি। দ্বিতীয়ার্ধে জেরেমি ডোকু, ফিল ফোডেনরা রেয়ালের রক্ষণে ভীতি ছড়ান। আলাদা করে ডোকুর ভূমিকার কথা বললেন গুয়ার্দিওলা। 

“যখনই আমরা বল হারিয়েছি, তারা ভীতি ছড়িয়েছে, বিশেষ করে ভিনিসিউস জুনিয়র তা অসংখ্যবার করেছে। (কঠিন সময়ে) গোল পাওয়াটা দারুণ ব্যাপার ছিল, কারণ সেটা আমাদের ম্যাচে ফিরতে সাহায্য করেছিল। জেরেমি ডোকু আজ অসাধারণ খেলেছে, অন্যরাও ভালো খেলেছে। এখানে এসে খেলা ভালো অভিজ্ঞতা, অনেক নতুন খেলোয়াড় প্রথমবার এই স্টেডিয়ামে খেলেছে, যেখানে খেলা খুব কঠিন।” 

“খেলোয়াড়দের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত, আমি খুশি। গত কয়েক বছরে আমি এখানে অনেকবার এসেছি। আমরা অনেক লড়াই লড়েছি। আজকের চেয়ে অনেক ভালো খেলেছি কিন্তু জিততে পারিনি। এটাই বাস্তবতা।”

৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে সিটি। সমান পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে পিএসজি, পিছিয়ে আতালান্তা।

তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে সপ্তম স্থানে রেয়াল মাদ্রিদ।