মোনাকোর বিপক্ষে হার থেকে লেভানদোভস্কিদের শিক্ষা নিতে বললেন ফ্লিক
নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ জুয়ান গাম্পের ট্রফিতে ফরাসি দলটির বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা।
ম্যাচ শুরুর আগে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শেষে সেখানেই যেন পিনপতন নীরবতা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ জুয়ান গাম্পের ট্রফিতে মোনাকোর কাছে যে বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। লা লিগা শুরুর আগে এই পরাজয় থেকে খেলোয়াড়দের দ্রুত শেখার বার্তা দিয়েছেন দলটির কোচ হান্সি ফ্লিক।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এই ট্রফির ৫৯তম আসরে সোমবার রাতে ঘরের মাঠে ফরাসি দলটির বিপক্ষে ৩-০ গোলে হারে কাতালান দলটি। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে।
২০১২ সালের পর এই প্রথম গাম্পের ট্রফিতে হারল ৪৬ বারের জয়ী বার্সেলোনা। মোনাকো ট্রফি জিতল প্রথমবার অংশ নিয়েই।
আগামী শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে বার্সেলোনা। মোনাকো ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে খেলোয়াড়দের লিগ ম্যাচের জন্য প্রস্তুত হতে বললেন ফ্লিক।
“এখনই (হারার) সঠিক সময়, মৌসুম শুরু হলে আর নয়। আমাদের এই ম্যাচ থেকে শিখতে হবে, সবকিছু বিশ্লেষণ করতে হবে, খেলোয়াড়দের দেখাতে হবে এবং ভালেন্সিয়ার বিপক্ষে শনিবার আরও ভালো করতে হবে।”
প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে পুরো দলকে অবশ্য একসঙ্গে পাননি গত মে মাসে দায়িত্ব নেওয়া ফ্লিক। হালের সেনসেশন লামিনে ইয়ামালসহ ১০ ফুটবলারকে যুক্তরাষ্ট্র সফরে পায়নি বার্সেলোনা। ওই সফরে তিন ম্যাচের দুটিতে তারা জেতে ম্যানচেস্টার সিটি ও রেয়াল মাদ্রিদের বিপক্ষে, শেষটিতে হারে এসি মিলানের কাছে।
মোনাকোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নামেন ইয়ামাল ও ফেররান তরেস। প্রাক-মৌসুমে দুজনেরই প্রথম ম্যাচ ছিল এটি। প্যারিস অলিম্পিকসের ফুটবলে সোনা জয়ী স্পেন দলের সদস্য এরিক গার্সিয়া, পাউ কুবার্সি ও ফের্মিন লোপেস এখনও ক্লাবের হয়ে মাঠে নামেননি। চোটে বাইরে আছেন রোনাল্দ আরাউহো, গাভি, পেদ্রি ও ফ্রেংকি ডি ইয়ং।
যুক্তরাষ্ট্রে রেয়ালের জালে জোড়া গোল করা তরুণ ফরোয়ার্ড পাউ ভিক্তর মোনাকোর বিপক্ষে সুবর্ণ সুযোগ হারান শুরুতেই। রাফিনিয়া বল জালে পাঠালেও গোল মেলেনি অফসাইডের কারণে। পুরো ম্যাচে গোলের জন্য ১২টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা।
ভিক্তর সুযোগটা কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্নও হতে পারত বলে মনে করেন ফ্লিক। তবে এই ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে সামনে দল ভালো করবে বলেই বিশ্বাস এই জার্মান কোচের।
“আমরা ১-০ গোলে এগিয়ে যেতে পারতাম এবং হয়তো ভিন্ন হতো (ম্যাচের ফল)। যখন বার্সার মতো দলে খেলবেন, তখন এই গোলটি করতে হবে। সঠিক সময়ে গোল করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের স্বাভাবিক গতি বা স্বাভাবিক কম্বিনেশনে খেলিনি। আমরা অনেকবার বল হারিয়েছি।”
“তবে এটা প্রাক-মৌসুম। আমি জানি এই দলটি আজকের চেয়ে অনেক ভালো খেলতে পারে। আমাদের হাতে এখন আরও পাঁচ দিন আছে এবং ভালেন্সিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য তাদের ভালোভাবে প্রস্তুত করব।”
