২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্রামের দিনে’ হামজা-সোহেলদের ভাবনায় সিঙ্গাপুর ম্যাচ

ভুটানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আর পুরো শক্তি নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে চায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

ভুটান ম্যাচের ক্লান্তি ঝেড়ে সতেজ হতে হবে। ঈদ-উল-আযহা উপলক্ষে হামজা চৌধুরীসহ দলের অনেকে রোজাও রেখেছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন হাভিয়ের কাবরেরা। টিম হোটেলে শুয়ে-বসে, গল্প করে সময় কাটিয়েছেন সবাই। তবে ভাবনায় যে সিঙ্গাপুর ম্যাচ খুব ভালোভাবেই আছে, তা স্পষ্ট হয়ে উঠল ভুটান ম্যাচের গোলদাতা সোহেল রানার কথায়।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে দলের। গত মার্চে ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র দিয়ে এবারের বাছাই শুরু করে কাবরেরার দল।

প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়, দেশের মাটিতে প্রথম খেলতে নেমে হামজার গোল পাওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে থাকা মিডফিল্ডার সোহেলের জালের দেখা পাওয়া- সব মিলিয়ে টইটুম্বুর আত্মবিশ্বাস নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। 

ভুটানের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশ্ন আছে একটু হলেও। কাঙিক্ষত জয় মিলেছে, কিন্তু হামজা-ফাহামিদুলকে নিয়ে যে দাপুটে ফুটবল খেলতে চেয়েছিল বাংলাদেশ, তা কতটুকু পূরণ হলো? ড্রিবলিংয়ে নজর কেড়েছেন ফাহামিদুল, দারুণ কিছু ক্রস বাড়িয়েছেন, কিন্তু ইতালির সেরি ডি’তে খেলা এই ফরোয়ার্ড প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেননি। 

পাশাপাশি কিছু সুযোগ নষ্ট হয়েছে। রক্ষণে দেখা যায়নি খুব বেশি দৃঢ়তা। সোহেলও বললেন, ভুটান ম্যাচে কোচের পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করতে পারেননি তারা।

“ভুটান কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। সেটা এক ধাপ হলেও। সম্প্রতি ওরা শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো করেছে। ভুটান ও সিঙ্গাপুরের খেলার ধরন একই। তো সিঙ্গাপুরের বিপক্ষে আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবেই ভুটানের বিপক্ষে খেলার চেষ্টা করেছি। হয়তো শতভাগ পারিনি, যেভাবে কোচ আমাদের খেলাতে চেয়েছিলেন। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে আমাদের হাতে কিছু সময় আছে উন্নতি করার। আশা করি, আমরা এই সময় কাজে লাগিয়ে উন্নতি করব এবং সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো ফল নিয়ে মাঠ ছাড়তে পারব।”

“দেখুন, (বাংলাদেশের হয়ে) ফাহামিদুলের এটা প্রথম ম্যাচ ছিল, সব মিলিয়ে ওর পারফরম্যান্স ভালো ছিল। আমি মনে করি, কন্ডিশন ও দলের সাথে ও দ্রুত মানিয়ে নেবে। কোচ খুবই সহযোগিতা করছে ওকে, যাতে ও সবার সাথে মানিয়ে নিতে পারে। আমরাও চেষ্টা করেছি আমাদের সাথে যেন ওর বোঝাপড়াটা দ্রুত হয়। সিঙ্গাপুরের ম্যাচের আগে আরও কিছু সময় আছে, আমরাও ওর সাথে মানিয়ে নেওয়ার জন্য ভালো একটা সময় পাব।”

ভুটান ম্যাচের দিন সকালে কানাডা থেকে ঢাকায় পৌঁছান শোমিত সোম। কানাডার লিগে খেলা এই মিডফিল্ডার এদিন ম্যাচের স্কোয়াডে ছিলেন না, তবে দেখেছেন সতীর্থদের খেলা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কাবরেরার ভাবনায় খুব ভালোভাবেই আছেন তিনি। নিজের গোল নিয়ে তৃপ্ত সোহেলও জানালেন, পুরো শক্তি নিয়ে বাছাইয়ের ম্যাচে নামবেন তারা।

“আমার গোলের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ; আমার মনে হয়, দলের জন্য কিছু করতে পেরেছি, এটাই আমার ভালো লেগেছে। তাছাড়া কালকের ম্যাচটা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে আমরা কিভাবে খেলব, সেটা ঠিক করার দিকে আমাদের মনোযোগ ছিল বেশি। ব্যক্তিগতভাবে গোল পাওয়ায় ভালো লেগেছে, এটা ভালো লাগার ব্যাপারও।”

“শোমিত সোম এসেছে। আমার মনে হয়, এদের নিয়ে আমাদের দল আরও শক্তিশালী হয়েছে। দিনকে দিন আমরা আরও শক্তিশালী হচ্ছি। এটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। আমি মনে করি, ভবিষ্যতে এমন আরও অনেক ফুটবলার আসবে, এটা দেশের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। আমার মনে হয়, আমরা সিঙ্গাপুরের বিপক্ষে পুরো শক্তি নিয়ে মাঠে নামব।”