২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি ও জোয়ানের ফাউলে পার্থক‍্য কোথায়, প্রশ্ন দ. আফ্রিকা কোচের

কোনো শাস্তি পাননি লিওনেল মেসি, কিন্তু লাল কার্ড দেখেছেন থেম্বা জোয়ান সঙ্গে বিশ্বকাপে তিন ম‍্যাচ নিষিদ্ধ হয়েছেন।

মেসি ও জোয়ানের ফাউলে পার্থক‍্য কোথায়, প্রশ্ন দ. আফ্রিকা কোচের
দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুশ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 01:32 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুশ অভিযোগ করেছেন প্রায় একই ধরনের ফাউলের ঘটনায় লিওনেল মেসির কোনো শাস্তি না হলেও কড়া সাজা পেয়েছেন তার দলের থেম্বা জোয়ান। 

বিশ্বকাপের উদ্বোধনী ম‍্যাচে পেছন থেকে মেক্সিকোর ডিফেন্ডার আলভারাদোর মুখে আঘাত করে লাল কার্ড দেখেন জোয়ান। পরে এই মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম‍্যাচে নিষিদ্ধ করা হয়। 

পরে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম‍্যাচে পেছন থেকে আইসা মান্দিকে ফাউল করেন মেসি। বল দখলের লড়াইয়ের সময় তার পা লেগে যায় আলজেরিয়া অধিনায়কের কাফ মাসলে।

সঙ্গে সঙ্গে আলজেরিয়ার ভক্তরা আর্জেন্টিনা অধিনায়ককে লাল কার্ড দেখানোর দাবি তোলেন। তাতে সাড়া দেননি রেফারি শিমন মার্চিনিয়াক। ওই যাত্রায় কেবল সাবধান করে দেন তিনি।  

জোয়ানের শাস্তি সম্পর্কে বলতে গিয়ে মেসির ওই ঘটনা সামনে আনেন দক্ষিণ আফ্রিকা কোচ ব্রুশ। 

“মেসির সঙ্গে ঘটা ঘটনাটা দেখার পর, আমার খেলোয়াড়ের সঙ্গে যেটা ঘটেছে তাতে আমি একমত হতে পারিনি। আপনি যদি পরিস্থিতি দেখেন, মেক্সিকোর খেলোয়াড় আমার খেলোয়াড়ের পথ আটকে রেখেছিল এবং থেম্বা তাকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই সময় সে তার হাত (আলভারাদোর) কাঁধে রেখেছিল, সে কেবল এই টুকুই করেছিল।”

“আর এটার জন‍্য সে লাল কার্ড দেখল এবং এরপর তিন ম‍্যাচের নিষেধাজ্ঞা পেল? দুঃখিত, তবে এটা খুব, খুব, খুব বেশি কড়া। আমি চাই না মেসি লাল কার্ড দেখুক। কারণ তার মানের একজন খেলোয়াড়ের মাঠেই থাকা উচিত, যেটা আপনারা (আলজেরিয়ার বিপক্ষে) দেখেছেন। তবে তার ও জোয়ানের মধ‍্যে পার্থক‍্যটা কোথায়?”

আগামী সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।