২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকা শেষ মেক্সিকো অধিনায়কের

হ্যামস্টিংয়ের চোটে চলতি কোপা আমেরিকায় আর খেলা হবে না এদসন আলভারেসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 06:38 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

টুর্নামেন্টের শুরুর ম্যাচেই শেষ হয়ে গেল এদসন আলভারেসের যাত্রা। জ্যামাইকার বিপক্ষে পাওয়া চোটে কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন মেক্সিকো অধিনায়ক। 

সামাজিক মাধ্যমে মেক্সিকো ফুটবল দলের প্রকাশিত ভিডিওবার্তায় আলভারেস নিশ্চিত করেন এই খবর। তবে পুরো টুর্নামেন্ট দলের সঙ্গেই থাকবেন তিনি।

“অন্যান্য সতীর্থের মতো আমারও স্বপ্নটা ছিল। কিন্তু কখনও কখনও ফুটবলে এমন হয়। এসব থেকে আমাকে শিখতে হবে ও আরও বেড়ে উঠতে হবে।”

“সবসময়ের মতো দলকে সমর্থন দিতে ও প্রেরণা যোগাতে আমি টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এখন মাঠের বাইরে থেকে আমার কাজ শুরু। আমার পুনর্বাসন প্রক্রিয়ায়ও এটি সাহায্য করবে।”

গত রোববার সকালে ‘বি’ গ্রুপের ম‍্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারায় মেক্সিকো। ম্যাচের ৩০তম মিনিটে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় চোখে জল নিয়ে মাঠ ছেড়ে যান আলভারেস।

তার বদলি নামা লুইস রোমো দ্বিতীয়ার্ধে দলের জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন। রোমোর পাস পেয়ে জোরাল শটে ম্যাচের একমাত্র গোলটি করেন জেরার্দো আর্তেগা। পরের ম্যাচগুলোতে রোমোকেই দেখা যেতে পারে শুরুর একাদশে।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেক্সিকো। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ একুয়েডর।