এএফসি চ্যালেঞ্জ লিগের আগে স্বস্তির জয় পেল কিংস
ড্রয়ে এবারের বাংলাদেশ ফুটবল লিগ শুরুর পর প্রথম জয় পেল বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ ফুটবল লিগে প্রথম খেলতে নামলেন কিউবা মিচেল। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার গোল পেতে পারতেন মাঠে নামার পরপরই। ব্যক্তিগত গোলের খাতা খুলতে না পারলেও অভিষেকে জয়ের স্বাদ পেলেন তিনি। ফর্টিস এফসিকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল কিংসও।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার ফর্টিসকে ২-১ গোলে হারিয়েছে কিংস। চলতি লিগে এই প্রথম জয় পেল দলটি। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করে আসর শুরু করেছিল কিংস।
আগামী শনিবার আল-সাইবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু করবে কিংস। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার ও ৩১ অক্টোবর আল-কুয়েতের মুখোমুখি হবে তারা।
ফর্টিসের বিপক্ষে কিক অফের পর প্রথম মিনিটের আক্রমণ থেকেই গোল তুলে নেয় কিংস। মাঝমাঠ থেকে বক্সে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রাফায়েল আগুস্তো। বক্সে ফাঁকায় থাকা দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন। শ্রীলঙ্কান গোলকিপার সুজান পেরেইরা কিছুই বুঝে উঠতে পারেননি।
২০তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এর ৯ মিনিট পর রাকিব হোসেনকে তুলে মজিবুর রহমান জনিকে নামান কিংস কোচ, অস্বস্তি বোধ করছিলেন রাকিব।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে ফর্টিসের রক্ষণে চাপ দিতে থাকে কিংস। ৫২তম মিনিটে রাফায়েলের পাস ধরে বাম প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ফাহিম। গোলমুখ থেকে দরিয়েলতনের শট আটকান সুজান।
৬০তম মিনিটে ফাহিমের শট অবশ্য আটকাতে পারেননি সুজান। জনির পাসে দোরিয়েলতন টোকা দিলে চলে যায় পেছনে থাকা ফাহিমের কাছে। অরক্ষিত ফাহিম ডান পায়ের শটে খুঁজে নেন জাল।
ইমানুয়েল সানডে ও কিউবা মিচেলকে ৭১তম মিনিটে নামান কিংস কোচ মারিও গোমেজ। এ ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবল লিগে অভিষেক হলো ইংল্যান্ড প্রবাসী মিচেলের। অবশ্য কিংসের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ লিগেই অভিষেক হয়েছিল তার।
ঘরের মাঠে লিগ অভিষেকে মিচেল গোল পেতে পারতেন শুরুতেই। ৭৯তম মিনিটে দরিয়েলতনের বাড়ানো বলে বক্সের একটু সামনে থেকে সরাসরি শট নেন তিনি, দারুণ ক্ষিপ্রতায় কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন সুজান।
৮৭তম মিনিটে গোলকিপারকে একা পেয়েছিলেন দোরিয়েলতন। তবে এই ব্রাজিলিয়ান চিপ শট নেওয়ার আগেই ছুটে এসে স্লাইড করে বাধা দেন সুজান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে অনিকাচি ওকাফোরের গোলে একপেশে ম্যাচে প্রাণ ফিরে কিছুটা, কিন্তু বাকি সময়ে ফর্টিস পায়নি সমতাসূচক গোলের দেখা।
দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। ২২তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন আকোবির তুরায়েভ।
এই ম্যাচে হারের সাথে আরেক তেতো অভিজ্ঞতাও হয়েছে আরামবাগের। দলটির টিম ম্যানেজার মজিবুর রহমান দেখেছেন লাল কার্ড।
