২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে শিমুর সোনা, রাম কৃষ্ণর রুপা জয়

দুই দিনের এই প্রতিযোগিতায় রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে সোনা জিতেছে বাংলাদেশ।

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে শিমুর সোনা, রাম কৃষ্ণর রুপা জয়
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারিতে পদক জেতা সীমা আক্তার শিমু ও রাম কৃষ্ণ সাহা। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 08:35 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

অনুশীলন প্রোগ্রামের পাশাপাশি হওয়া দুই দিনের প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি শেষ হলো। একটি করে সোনা ও রুপা জিতল বাংলাদেশ। সীমা আক্তার শিমু রিকার্ভ মিশ্র দ্বৈতে হাসলেন সোনা জয়ের হাসি। রাম কৃষ্ণ সাহা পেলেন রুপা।

টঙ্গী স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের সঙ্গে জুটি গড়ে শিমু ৬-০ সেটে জিতে সোনার পদক এনে দেন। 

সোনা জয়ের সুযোগ ছিল রাম কৃষ্ণরও। কিন্তু রিকার্ভ পুরুষ এককের ফাইনালে তিনি ভুটানের শেরিং কিনলের বিপক্ষে প্রথম সেট জিতলেও শেষ পর্যন্ত হেরে যান ২-৬ সেট পয়েন্টে। এই ইভেন্টের নারী এককে দুই চীনার লড়াইয়ে জিতেছেন মুজি লি।

রিকার্ভ অনূর্ধ্ব-১৮ নারী এককে বাংলাদেশের সোনালি রায় ও সাইমা সালাহ উদ্দিন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম হয়েছেন।  এই ইভেন্টে ভারতের আনন্দরাও গাথাকে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেরা হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সামিয়া।

অন্যদিকে রিকার্ভ অনূর্ধ্ব-১৮ পুরুষ এককের সেমিফাইনালে লড়াই করে প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন বাংলাদেশের ইমতিয়াজ আমিন ফতেমি ফুয়াদ। এই ইভেন্টের ফাইনাল ম্যাচে ভারতের বালাজি হারিয়েছেন ফিলিপাইনের মার্ক জেনারেলকে।