বর্ণবাদী আচরণের অভিযোগে ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার
লেডিস কাপে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটকে।
ব্রাজিলে আটকা পড়েছেন আর্জেন্টিনার চার নারী ফুটবলার। লেডিস কাপ টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন বর্ণবাদী আচরণ করার অভিযোগে তাদেরকে দেশে ফিরতে দেয়নি ব্রাজিল কর্তৃপক্ষ।
সাও পাওলোতে গত সপ্তাহে ব্রাজিলের ক্লাব গ্রেমিওর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনার রিভার প্লেট। দলটির চান্দেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো, মিলিয়াগ্রস দিয়াসের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য ও অঙ্গভঙ্গি করার অভিযোগ আনে গ্রেমিও।
সাও পাওলোর পাবলিক সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা যেন দেশ ছাড়তে না পারে সেজন্য তাদের হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চান্দেলা দিয়াস কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। গ্রেমিও তাদের বিবৃতিতে দাবি করেছে, বল বয়কে রক্ষা করতে এসে তাদের খেলোয়াড় বর্ণবাদী আচরণের শিকার হয়েছে।
বড় শাস্তি পেয়েছে রিভার প্লেট। নারী ফুটবলের প্রচারের জন্য আয়োজিত প্রীতি টুর্নামেন্ট লেডিস কাপের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতা থেকে রিভার প্লেটকে বাদ দেওয়া হয়েছে এবং দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
খেলোয়াড়দের এমন আচরণের নিন্দা জানিয়েছে রিভার প্লেট। যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টাইন ক্লাবটি এবং ‘এই ধরণের আচরণ নির্মূল করতে কাজ চালিয়ে যাবে’ বলে জানিয়েছে তারা।
