২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক মিনিট সুযোগ পেলেও সেরাটা দেব’

সেরা একাদশে জায়গা পাওয়া কঠিন মেনে নিয়েই সুযোগ কাজে লাগাতে উন্মুখ হয়ে আছেন পায়ের পাতার চোট কাটিয়ে ফেরা কৃষ্ণা রানী সরকার

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

কাঠমাণ্ডু থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 03:24 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

গতবারের ফাইনালে জোড়া গোলে আলো ছড়িয়েছিলেন কৃষ্ণা রানী সরকার। এর পরের সময়টা তার ভালো যায়নি মোটেও। পায়ের পাতার চোটে মাঠের বাইরে ছিলেন অনেকটা সময়। চোট কাটিয়ে ফিরেছেন দলে, কিন্তু রেখে যাওয়া জায়গার দাবিদার যে এখন অনেকে! বাস্তবতা বুঝে নিয়েছেন কৃষ্ণাও। সাফজয়ী এই ফরোয়ার্ড নিজেকে তৈরিও করছেন সেভাবেই। বলেছেন, যখনই সুযোগ মিলবে, উজাড় করে দেবেন নিজের সেরাটা।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মুকুট ধরে রাখার লড়াইয়ে নামবে বাংলাদেশ। আনফা গ্রাউন্ডে বৃহস্পতিবারের অনুশীলনে বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার যে ছকে অনুশীলন করলেন, সেখানে কৃষ্ণার সেরা একাদশে জায়গা পাওয়া সম্ভাবনা নেই বললেই চলে।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য হাল ছাড়ছেন না। আলাপচারিতায় জানালেন, আগের চেয়ে অনেক ভালোবোধ করছেন এখন। 

“সবার দোয়ায় আবার জাতীয় দলে ফিরতে পেরেছি। দলের সাথে তাল মেলাতে কষ্ট হয়েছে, যেহেতু অনেক দিন ধরে চোটাক্রান্ত ছিলাম। নিজেকে মানিয়ে নিয়েছি এবং এখন চোটের অবস্থা ভালো। কেননা, পায়ে এখন কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। আগের মতো খেলতে পারছি, দৌড়াতে পারছি।”

গত আসরে সব মিলিয়ে জালের দেখা কৃষ্ণা পেয়েছিলেন চার বার। চোটে পড়ে ছন্দ না হারালে এবারও তিনি থাকতেন আক্রমণভাগের মধ্যমণিদের একজন হয়ে। কিন্তু বদলে যাওয়া পরিস্থিতিতে ব্যক্তিগত বড় লক্ষ্য নিয়ে করা প্রশ্নের উত্তরে এই ফরোয়ার্ড বললেন সুযোগের অপেক্ষায় থাকার কথা।  

“যেহেতু দীর্ঘদিন পর মাঠে ফিরেছি, আমার প্রধান লক্ষ্য হচ্ছে, এক মিনিটের জন্য মাঠে নামলেও ভালোভাবে খেলা। সুযোগ পেলে অবশ্যই সেটা কাজে লাগাবো। এক মিনিট (বলেছি)…কারণ, দেখুন, দীর্ঘদিন যখন একজন খেলোয়াড় চোটে থাকে, তার প্রতি হয়তো একটা… নিজের আত্মবিশ্বাসও অনেকটা কম থাকে।”

“যেহেতু একজন নিয়মিত খেলোয়াড়, সে খেলবে; তাই আমার মনে হয়, আমি হয়তো একটু পরে (বদলি) খেলব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে যখনই খেলব, এক মিনিট নয়, এটা আসলে কথার কথা, আমি বলতে চেয়েছি, এক মিনিটের জন্যও যদি নামতে পারি, আমি আমার শতভাগটাই দেব। যখনই সুযোগ পাব, শতভাগ দিয়ে খেলব।”

গেলবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা। ৪ গোল করা স্বপ্না অবসর নেওয়াই সেই ধারাল আক্রমণ ত্রয়ী এখন আর নেই। তবে কৃষ্ণার বিশ্বাস, বর্তমান দলে যারা আছেন, স্বপ্নার শূন্যতা পূরণের সামর্থ্য আছে তাদের।

“দেখুন, ফাইনালে স্বপ্না যখন চোট পেয়ে মাঠ ছাড়ে, এরপর শামসুন্নাহার জুনিয়র নেমে কিন্তু নেপালের বিপক্ষে গোল করেছিল। তো আমি মনে করি, আমাদের স্ট্রাইকারের যে লাইন-আপ আছে, এখানে শুধু সাগরিকা যোগ হয়েছে, তাছাড়া সব একই আছে। স্বপ্না নেই, তবে আমি মনে করি, যারা আছে, তারা ভালোই করবে।”