২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ পরিচালনার জন্য ফিফার নতুন উদ্যোগ, ফুটবলের ‘আত্মা’ বিক্রির অভিযোগ উয়েফার

বিশ্বকাপ এবং অন্যান্য ইভেন্ট পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের সহায়ক সংস্থা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে ফিফা, কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উয়েফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 11:27 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বিশ্বকাপ এবং অন্যান্য ইভেন্টগুলো পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি সহায়ক সংস্থা তৈরি করার পরিকল্পনা করছে ফিফা। বাইরের বিনিয়োগকারীদের কাছে ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাবও উত্থাপন করা হবে বলে মঙ্গলবার জানায় বিশ্ব ফুটবলে নিয়ন্তা সংস্থাটি। ফিফার এই উদ্যোগের কড়া প্রতিক্রিয়া জানিয়ে উয়েফার অভিযোগ, খেলাটির ‘আত্মা’ বিক্রি করে দেওয়া হচ্ছে। 

ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রম’ তত্ত্বাবধানের জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। 

৪৮ দল নিয়ে সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন করা ফিফা নতুন এই এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে। তবে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের জন্য বেসরকারি বিনিয়োগকারীদের কাছে এতে ‘মাইনোরিটি শেয়ার’ বিক্রির প্রস্তাব দেবে।

ফিফা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত একটি সংস্থা এই প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

সুইজারল্যান্ড-ভিত্তিক ফিফা এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যে বিভেদকে আরও স্পষ্ট ও গভীর করে তুলেছে এই প্রস্তাবটি। ইউরোপ বরাবরই নিজেকে এই খেলার তত্ত্বাবধায়ক হিসেবে তুলে ধরছে, অন্যদিকে ফিফা, একটি অলাভজনক সংস্থা হিসেবে আর্থিক উদারতার মাধ্যমে এর সুযোগ প্রসারিত করার দিকেই মনোনিবেশ করছে। 

বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়া সংস্থাগুলোর একটি ফিফা। মূলত বিশ্বকাপ ও অন্যান্য আসরের সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং অন্যান্য বাণিজ্যিক চুক্তি থেকে শত শত কোটি ডলার রাজস্ব আয় করে তারা।

কিন্তু সংস্থাটি বলছে যে, খেলাটির সুযোগ প্রসারিত করতে এবং বিশ্বব্যাপী অংশগ্রহণকে শক্তিশালী করতে তাদের প্রদত্ত তহবিল বাড়াতে পারে নতুন এই উদ্যোগে এবং এর থেকে প্রাপ্ত সমস্ত লাভ খেলাটিতেই পুনরায় বিনিয়োগ করা হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিবৃতিতে তুলে ধরেন তাদের এই প্রস্তাবের পেছনের ভাবনা। 

“ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং মানব ও সামাজিক উন্নয়নের এক অসাধারণ চালিকাশক্তি।

খেলাটির কিছু অংশ সেই জনপ্রিয়তাকে অসাধারণ বাণিজ্যিক মূল্যে পরিণত করেছে – এবং আমরা সেই সাফল্য উদযাপন করি ও চাই, তা অব্যাহত থাকুক, কারণ এটি পুরো খেলাটিকে উন্নত করে। আমাদের কাজ হলো ফুটবলের বাকি অংশও যেন বিকশিত হয়, তা নিশ্চিত করা। ফিফার অস্তিত্বই হলো বিশ্বের প্রতিটি কোণে টেকসই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে সমর্থন করা”

ফিফা বলছে যে, তারা এই সহায়ক সংস্থাটির একক নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং পাশাপাশি ফুটবল পরিচালনা, প্রতিযোগিতা, ম্যাচের সূচি এবং সমস্ত নিয়ন্ত্রক ও ক্রীড়া সংক্রান্ত সিদ্ধান্তের উপর তাদের ‘একচেটিয়া কর্তৃত্ব’ থাকবে।

উয়েফা ও অন্যদের তীব্র সমালোচনা

শুরুতেই এই প্রস্তাবের প্রচণ্ড বিরোধিতা করেছে উয়েফা। তাদের মতে, এই প্রস্তাব ‘এমন একটি সীমা লঙ্ঘন করে, যা ফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর কখনোই লঙ্ঘন করা উচিত নয়।’

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কড়া বিবৃতিতে তাদের অবস্থান তুলে ধরেছে এবং অন্যদেরও আহবান করেছে শক্ত অবস্থান নিতে। 

“উয়েফা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রত্যেক জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্রতিটি অংশীদারেরও তা-ই করা উচিত, যারা লিগ, ক্লাব, খেলোয়াড়, সমর্থক, সরকার এবং যারা এই খেলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

ফুটবলের আত্মা ও শাসনব্যবস্থা কোনো কেনাবেচার সম্পদ নয় — বিশেষ করে যখন আর্থিকভাবে কারা লাভবান হচ্ছে, সে বিষয়ে কোনো স্বচ্ছতা নেই। আমরা কেউই ফুটবলের মালিক নই। এটা ফিফার বিক্রি করার বিষয় নয়।”

সাম্প্রতিক বছরগুলোতে উয়েফা ও ফিফার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে প্রবলভাবে। শৃঙ্খলাজনিত প্রক্রিয়া, রেফারিং লজিস্টিকস ও ম্যাচ পরিচালনা নিয়ে একাধিক মতবিরোধের জেরে বিশ্বকাপ ফাইনালে যোগ দিতে অস্বীকৃতি জানান উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন। 

ফিফার একজন মুখপাত্র বলেন, প্রস্তাবটি শিগগিরই ২১১টি সদস্য সংস্থা এবং ফিফা কাউন্সিলের কাছে উপস্থাপন করা হবে, যারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী একমাত্র সংস্থা হবে।

ফিফা জানায়, এই মূলধন সংগ্রহ থেকে প্রাপ্ত অর্থ একটি ঐচ্ছিক কর্মসূচি প্রতিষ্ঠা করতে ব্যবহার করা হবে, যা সদস্য সংস্থাগুলোকে অবকাঠামো, কোচিং, জাতীয় দল, প্রতিযোগিতা, তৃণমূল ফুটবল এবং নারী ফুটবলের জন্য এককালীন মূলধন হিসেবে ২ কোটি ডলার পর্যন্ত ব্যবহারের সুযোগ দেবে।

২০৩৫-২০৩৮ চক্রের মধ্যে এই পরিমাণ বেড়ে ২ কোটি ৪০ লাখ ডলার হবে।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন যে, প্রতিটি সদস্য সংস্থার নিজস্ব ভবিষ্যৎ গড়ার জন্য প্রাপ্য তহবিলের একটি ন্যায্য অংশ চাওয়ার সুযোগ থাকা উচিত। তার মতে, “এটি বিশ্বজুড়ে ফুটবলের গণতন্ত্রীকরণের ব্যাপার।” 

এই পরিকল্পনার সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন যে, এই খেলাটি বিনিয়োগকারীদের সম্পত্তি নয়।

“বিশ্বকাপ কোনো পণ্য নয়। এটি বিশ্ব ক্রীড়া জগতের সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা এবং এটি বিক্রি করার অধিকার কখনোই কারও ছিল না। আপনি এই চুক্তিকে যেভাবে খুশি সাজিয়ে তুলুন। কিন্তু এর একটি অংশ বিক্রি করে দিলেই আপনি বিক্রি হয়ে গেছেন।”

এই প্রস্তাবটিকে ফিফার বর্তমান নেতৃত্বের একটি ‘অর্থ হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্রের অধ্যাপক রিচার্ড শিহান। ক্রীড়া অর্থনীতির এই গবেষকের মতে, “একটি অলাভজনক সংস্থার দৃষ্টিকোণ থেকে, যারা তাত্ত্বিকভাবে ফুটবলকে সকলের জন্য সহজলভ্য করার লক্ষ্যে অর্থ সংগ্রহ করে, তাদের জন্য এই পদক্ষেপটি একটি প্রহসন।”

বাইরের বিনিয়োগকারী

ফিফা জানায়, বাইরের বিনিয়োগকারীদের আনার জন্য তারা জেপি মরগ্যানের ব্যাংকারদের সঙ্গে কাজ করছে এবং লিবার্টি মিডিয়ার প্রাক্তন প্রধান নির্বাহী গ্রেগ ম্যাফাই এতে যুক্ত আছেন বাণিজ্যিক উপদেষ্টা হিসেবে ।

ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থ্রাইভ ক্যাপিটালের চালু করা নতুন বিনিয়োগ কৌশল, জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত থ্রাইভ ইটার্নাল, এই বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেবে।

ফ্র্যাঞ্চাইজি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অল্প সংখ্যক দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর দৃষ্টি নিবদ্ধকারী একটি স্থায়ী মূলধন সংস্থা হিসেবে থ্রাইভ ইটার্নাল এই বছর মেজর লিগ বেসবলের স্যান ফ্রান্সিসকো জায়ান্টসে একটি ছোট অংশীদারিত্ব গ্রহণ করেছে। ওয়াল্ট ডিজনির প্রাক্তন প্রধান নির্বাহী বব আইগার এখানে উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

একটি সূত্র রয়টার্সকে বলেছে, জ্যারেড কুশনার সম্ভাব্য বিনিয়োগকারী নন।

জেপি মরগ্যান এবং জশুয়া কুশনার এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি ম্যাফাই। 

ফিফা যদিও বারবার আশ্বস্ত করার চেষ্টা করছে তাদের মতো করেই।

“বাইরের বিনিয়োগকারীদের এফএফই-তে শুধুমাত্র মাইনোরিটি শেয়ার থাকবে এবং তারা কোনো পরিচালনগত ভূমিকা পালন করবে না। একইভাবে, তারা ফিফার একটি সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, খোদ ফিফাতে নয়। ফিফার জন্য এতে কোনো পরিবর্তন আসে না।”