লিগ কাপে ৮ বছরের শিরোপা খরা কাটিয়ে অনুপ্রেরণা নিতে চান সিটি কোচ
লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য লিগ কাপ জয়কে গুরুত্বপূর্ণ মনে করছেন পেপ গুয়ার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে আর্সেনালের চেয়ে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। ব্যবধান ঘুচাতে দলকে উজ্জীবিত করার প্রয়োজন অনুভব করছেন কোচ পেপ গুয়ার্দিওলা। এর জন্য লিগ কাপের শিরোপা খরা কাটানোকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু মাঠের লড়াই।
গুয়ার্দিওলার কোচিংয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সবশেষ লিগ কাপ জিতেছিল সিটি। পরে ওই মৌসুমেই লিগ চ্যাম্পিয়ন হয় দলটি। যা ছিল গুয়ার্দিওলার প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ জয়।
এরপর তো সিটিকে আরও পাঁচটি লিগ শিরোপা এনে দিয়েছেন গুয়ার্দিওলা। যার মধ্যে টানা চার মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
গত মৌসুমে শিরোপা ধরে রাখতে পারেনি সিটি। চলতি মৌসুমেও নেই ভালো অবস্থায়। ২১ ম্যাচে খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সমান ম্যাচে তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল।
নিউক্যাসল ম্যাচের আগে গুয়ার্দিওলা বললেন, লিগ কাপের শিরোপা জিতে নিজেদের অনুপ্রাণিত করতে চান তারা।
“লিগ শিরোপা জিততে চাইলে, এটা (লিগ কাপ জয়) যথেষ্ট নয়, তবে এটা সাহায্য করে। এভাবে সহায়তা করে যে, ঠিক আছে আমরা একটা শিরোপা জিতেছি, আমরা কিছু জিতেছি।”
“এই শিরোপা জেতা খুব বেশি কিছু নয়, তবে এটা নিজেদের জাগ্রত করে এবং আত্মবিশ্বাসী করে তোলে যে, ঠিক আছে, আমরা জিতেছি। আমরা জিততে সক্ষম। জয় আপনাকে আরও বেশি জিততে সাহায্য করে। প্রতিনিয়ত নয় অবশ্যই, তবে এমন ভাবনা আসে যা, ঠিক আছে, আমরা এটা করতে পেরেছি। একজন খেলোয়াড় বলতে পারে ‘আমি যদি এটা জিততে পারি, আবারও জিততে পারব’।”
আগামী শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াই পুনরায় শুরু করবে সিটি।
