ফাহমিদুলের সঙ্গে ‘লড়াই’ দেখছেন না রাকিব
প্রবাসীদের উপস্থিতিতে দলের শক্তি বাড়ছে, বাংলাদেশ জিতছে- এতেই জাতীয় দলের এই ফরোয়ার্ড বেশি খুশি।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের স্ট্রাইকারদের গোল খরা কাটেনি ভুটান ম্যাচেও। মাঝে মধ্যে ঝলক দেখালেও জালের দেখা পাননি ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন। সিঙ্গাপুর ম্যাচে আক্রমণভাগে কোচ হাভিয়ের কাবরেরা কোনো পরিবর্তন আনতে চাইলে, কে টিকবেন? সেখানে কি ফাহামিদুলের সঙ্গে পেরে উঠবেন রাকিব? এ নিয়ে নিজের মত জানালেন রাকিব, বললেন তরুণ সতীর্থর সঙ্গে নিজের কোনো লড়াই দেখেন না তিনি।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অনুশীলনে নামার আগে প্রশ্নের উত্তর দিলেন রাকিব। সবশেষ ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে গোল পাওয়া এই ফরোয়ার্ড বললেন, ফাহামিদুলের সাথে কোনো লড়াই অনুভব করছেন না। ইতালির সেরি ‘ডি’ তে খেলা তরুণ সতীর্থর বরং প্রশংসা করলেন তিনি।
“ফাহামিদুল (ভুটানের বিপক্ষে) প্রথম ম্যাচ খেলেছে, খুব ভালো খেলেছে। আমি ওর সাথে খেলেছি তো, ও খুব ভালো খেলোয়াড়। ভুটান ম্যাচে আমাদের অনেকে খেলেছে, এখন শোমিত (সোম) এসেছে, ও যোগ হলে দল আরও বেশি শক্তিশালী হবে।”
‘(আক্রমণভাগে জায়গা পাওয়া লড়াই) আসলে চ্যালেঞ্জ হিসেবে এগুলো নেই না আমি। খেলোয়াড় আসবে, দল শক্তিশালী হবে, দল ভালো খেলবে। দল ভালো খেললে দেশবাসী খুশি হবে। আমার কাছে বিষয়গুলো এমনই।”
দুদিন আগে ভুটানকে ২-০ গোলে হারিয়ে দেশবাসীকে আনন্দে ভাসিয়েছেন জামাল-হামজারা। জয়ের আনন্দ থাকলেও মঙ্গলবার এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের প্রতিপক্ষ সিঙ্গাপুর বলে বাস্তবের শক্ত জমিনে পা রাখছে দল। মালদ্বীপকে প্রীতি ম্যাচে উড়িয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে আসা সিঙ্গাপুরকে কঠিন প্রতিপক্ষ মানছেন রাকিবও।
“আমরা আত্মবিশ্বাসী, আমাদের ঘরের মাঠে খেলা। ভুটানের বিপক্ষে আমরা ২-০ গোলে জিতেছি, কিন্তু ওই ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। সকালে ভিডিও সেশনে কোচ সেগুলো নিয়ে অনেক কাজ করেছে। সিঙ্গাপুর শক্তিশালী। আমরা চেষ্টা করব ওদের বিপক্ষে ভালো ফুটবল খেলে দেশবাসীকে জয় উপহার দিতে।”
‘গতকাল ওদের মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ছিল। ওরা ৩-১ গোলে জিতেছে। ওদের ফরোয়ার্ডরা খুব ভালো অবস্থায় আছে। কোচ এটা নিয়ে কথা বলেছে, আজ এটা নিয়ে কাজ করবে। সেট-পিস নিয়ে কাজ হয়েছে। সেট-পিসে ওরা শক্তিশালী, কোচ এ বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছে। আজকে ট্রেনিংয়ে এ নিয়ে কাজ হবে।”
ভুটান ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ড থেকে সরিয়ে জামাল ভূঁইয়াকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলান কাবরেরা। নিখুঁত কিছু পাস দেওয়ার পাশাপাশি মিস পাসও দিয়েছেন তিনি। হারিয়েছেন গোলের সুযোগও। সিঙ্গাপুর ম্যাচে কাবরেরার ভাবনায় যোগ হয়েছে কানাডির লিগের খেলা শোমিত সোম। আসছে ম্যাচের সেরা একাদশে তাই পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি।
রাকিব এখনই এ নিয়ে ভাবছেন না। ভুটান ম্যাচে জামালের পারফরম্যান্সে খুশি তিনি। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর উপস্থিতিতে দলকে আরও দৃঢ়, প্রত্যয়ী দেখছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“সিঙ্গাপুর ম্যাচে এই কম্বিনেশন (ভুটান ম্যাচের) থাকবে কিনা জানি না। জামাল ভাই তার পজিশনে যতক্ষণ ভালো খেলেছে, আমাকে ভালো কিছু বলের যোগান দিয়েছে। এর আগেও দুই-তিনটা ম্যাচে কিন্তু এই পজিশনে খেলেছে। আর হামজা ভাই খেলাটাই আমাদের দলের জন্য বুস্ট-আপ। সে যে মানের প্লেয়ার, সে যে আমাদের দলে খেলছে, এটাই আমাদের জন্য বড় বুস্ট-আপ।”
